লাহোর, ২৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডান কনুইয়ের ইনজুরির জন্য ভারত সফরে আসতে পারেননি মোহাম্মদ আসিফ। তবে পাকিস্তানের জন্য সুখবর, প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে সেরে উঠছেন এই ফাস্ট বোলার। সেটা এতই দ্রুত যে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ব্যাঙ্গালোর টেস্টেই তাকে দেখা যেতে পারে।
প্রায় দেড় বছর ধরে ইনজুরিটা ভোগাচ্ছে আসিফকে। এ বছর ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ মিস করার পর গত মাসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুধু একটা ওয়ানডেই খেলতে পেরেছিলেন তিনি। তার পরও আশা করছিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে আসার। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়াতে হয় তাকে। পাকিস্তান পুরো সফরে আসিফকে হারানোর আশঙ্কা করলেও এখন তারা আশায় বুক বাঁধতে পারছে। কারণ লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমির নেটে বল করছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমির কথায় আশাবাদের সুরই প্রতিধ্বনিত, "আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে সে (আসিফ) সেরে উঠছে। একাডেমিতে সে বল করা শুরু করেছে আর বলেছে তার কনুইয়ে কোনো ব্যথা নেই।" তবে ব্যথা না থাকলেও কয়েক দিনের মধ্যে কনুই পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতেই হচ্ছে আসিফকে।
এই সুখবরের পাশাপাশি একটা দুঃসংবাদও পেয়েছে দিল্লী টেস্টে লড়াই করতে থাকা পাকিস্তান দল। পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্ট মিস করা উমর গুল পরের টেস্টেও অনুপস্থিত থাকতে পারেন। শুরুতে ইনজুরিটাকে তেমন গুরুত্ব দেয়নি পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। কিন্তু দিল্লীতে অবস্থান করা পাকিস্তানের প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদের কণ্ঠে সম্পূর্ণ ভিন্ন সুর এখন, "আমার মনে হয় না দ্বিতীয় টেস্টের জন্য গুল ফিট হয়ে উঠবে। আমরা হয়তো রাও ইফতিখার আঞ্জুমকে ভারতে নিয়ে আসতে পারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইফতিখার খুব ভাল বল করেছিল।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪৪ঘ.
bdnews24