নয়াদিল্লী, ২৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৯৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে ভারত তখন ভীষণ বিপদে। একে একে ফিরে গেছেন কার্তিক -জাফর-টেন্ডুলকার-গাঙ্গুলী-জাফর। ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনিকে সঙ্গে নিয়ে ভিভিএস লক্ষ্মণের প্রতিরোধের সূচনা। ষষ্ঠ উইকেটে দু জনের ১১৫ রানের জুটি প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে ভারতকে। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২২৮ রান। ধোনি ৫৭ রান করে ফিরে গেলেও লক্ষ্মণ আউট হননি শেষপর্যন্ত। তিনি ব্যাট করছেন ৫৭ রান নিয়ে। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ভারত এখন মাত্র ৩ রানে পিছিয়ে।
ভারতের শুরুটা মোটেও ভাল হয়নি। স্কোরবোর্ডে ১৫ রান উঠতেই দীনেশ কার্তিক আউট। শোয়েব আখতারের বলে কট বিহাইন্ড হওয়া কার্তিকের ব্যাট থেকে এসেছে ৯ রান। তবে শুরুর ধাক্কা সামলে ভালই এগোচ্ছিল ভারত। ওয়াসিম জাফর ও রাহুল দ্রাবিড় ৫৬ রানের জুটি গড়ে ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছু করার। কিন্তু শোয়েব আখতার ওয়াসিম জাফরকে (৩২) এলবিডব্লুর ফাঁদে ফেলে ইনিংসে তার দ্বিতীয় শিকার বানাতেই কেঁপে ওঠে ভারতীয় ইনিংস। সেই ওভারেই অসম্ভব একটি রানের জন্য ছুটতে গিয়ে শচীন টেন্ডুলকার (১) রান আউট! শোয়েবের একটি শর্ট লেংথ বল স্কয়ার লেগে ঠেলে দিয়ে সহজেই একটি রান নিয়েছিলেন দ্রাবিড়। টেন্ডুলকার দ্বিতীয় রানের জন্য চেষ্টা করতে গিয়ে সামান্য হোঁচট খেলেও উঠে দাঁড়িয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন। তবে দ্রাবিড় সাড়া না দেয়ায় পড়িমরি করে দৌড়ে ফিরতে চেয়েছিলেন ক্রিজে। কিন্তু তার আগেই মোহাম্মদ ইউসুফের থ্রো থেকে কামরান আকমল ভেঙ্গে দেন উইকেট। ২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ভারত তখন বেশ বেকায়দায়।
৪ ওভার পর 'টিম ইন্ডিয়া'র অবস্থা আরো খারাপ। ফর্মের সঙ্গে বেশ কিছুদিন ধরে লড়াই করতে থাকা সৌরভ গাঙ্গুলী আবারো ব্যর্থ। মাত্র ৮ রান করে সোহেল তানভিরের বলে 'প্লেড অন' হয়ে গেছেন 'কলকাতার মহারাজ'। নিজের পরের ওভারে আবারো আঘাত হেনেছেন বাঁহাতি পেসার তানভির। আস্থার সঙ্গে খেলতে থাকা দ্রাবিড়কেও বোল্ড করেছেন তিনি। ভারতের সাবেক অধিনায়কের ৩৮ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৮টি।
৯৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ড্রেসিংরুমে এর পর স্বস্তির সুবাতাস বয়ে এনেছে লক্ষ্মণ ও ধোনির দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। দু জনের ১১৫ রানের জুটি যখন শোয়েব মালিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ঠিক তখনই দানিশ কানেরিয়ার আঘাত। 'ডাউন দ্য উইকেট'-এ যাওয়া ধোনি মিস করেছেন বলের লাইন। সহজ স্টাম্পিংয়ের সুযোগটা হাতছাড়া করেননি কামরান আকমল। ৯৩ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৮টি বাউন্ডারি এসেছে ধোনির ব্যাট থেকে। বাকি ৭ ওভারে কুম্বলেকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের আর কোনো ক্ষতি হতে দেননি লক্ষ্মণ। আলোর স্বল্পতায় ১৩ দশমিক ৪ ওভার আগেই দিনের খেলা শেষ হওয়ার সময় ৫৭ রানে অপরাজিত থাকা লক্ষ্মণ ৭টি বাউন্ডারি মেরেছেন। ভারতের নতুন টেস্ট অধিনায়ক কুম্বলে ব্যাট করছেন ৭ রান নিয়ে।
সকালে ৮২ রান করে মিসবাহ্-উল হক রান আউট হয়ে যাওয়ায় ২৩১ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। ৩৮ রানে ৪ উইকেট নেয়া কুম্বলে স্বাগতিকদের সফলতম বোলার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/এমএম/১৮১০ঘ.
bdnews24