ঢাকা, ২৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আর তাই বাংলাদেশ দলকে তাদের পক্ষ থেকে দেয়া হয়েছে একটা টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচের প্রস্তাব। সেই ম্যাচ থেকে প্রাপ্ত আয়ের পুরোটাই দিয়ে দেয়া হবে বাংলাদেশের ঘূর্ণিঝড় আক্রান্ত মানুষের সাহায্যে।
ডিসেম্বরে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। সফরসূচীতে কোনো টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ ছিল না। কিন্তু নিউজিল্যান্ড বোর্ডের পক্ষ থেকে একটা টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের প্রস্তাব দেয়া হয়েছে উপকূলের বিপন্ন মানুষের সাহায্যার্থে। এমন প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেয়াই ছিল স্বাভাবিক, কিন্তু তার আগেই নিউজিল্যান্ডের এই সহমর্মিতার মনোভাবে ক্রিকেট বোর্ডের উপদেষ্টা গাজী আশরাফ লিপু তাদের প্রতি দারুণ কৃতজ্ঞ,''এরকম একটা প্রস্তাব তাদের পক্ষ থেকে আসাটা খুবই ইতিবাচক একটা ব্যাপার। তাদের এই সহমর্মিতাটা দারুণ প্রশংসনীয়।''
প্রস্তাব অনুযায়ী ম্যাচটার সম্ভাব্য তারিখ ২৩ ডিসেম্বর, ভেন্যু হ্যামিল্টন। এখন এই প্রস্তাবে বাংলাদেশ রাজি হলেই ম্যাচটা হবে। বিষয়টা এখনও আলোচনার পর্যায়ে থাকায় বাংলাদেশ আনুষ্ঠানিক সম্মতি জানায়নি, কিন্তু এতে বাংলাদেশের রাজি না হওয়ার কোনো কারণই নেই। ক্রিকেট বোর্ড সূত্রই নিশ্চিত করেছে সেটা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫৫ঘ.
bdnews24