সিডনি, ২৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার বিপক্ষে অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে হঠাৎ করেই বেশ অস্বস্তিতে পড়ে গেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। অস্ট্রেলিয়ার কোচ টিম নিয়েলসেন ও ফিজিও অ্যালেক্স কনটুরি জানিয়ে দিয়েছেন ফিটনেসের প্রমাণ দিতে না পারলে দলে জায়গা হারাবেন তিনি। এই সিরিজে তার পারফরম্যান্সে মুত্তিয়া মুরালিধরনও বিস্মিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্ট্রেলীয় ক্রিকেটারের ধারণা খুব শিগগিরি অবসরের ঘোষণা দেবেন এই লেগস্পিনার। তবে যে যা-ই বলুক না কেন, ম্যাকগিল নিজে এখনই অবসরের কথা ভাবছেনই না। তার লক্ষ্য আরো কিছু দিন অস্ট্রেলিয়া স্পিন আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নেয়া।
"আমি অবসর নিতে চাই না। সময়টা (আমার জন্য) তেমন স্বস্তিকর যাচ্ছে না। তবে একটা ব্যাপারে আমি দারুণ সচেতন। সেটা হল ব্যাটসম্যানদের ভড়কে দেয়ার মতো অন্য কিছু আমাকে সন্তুষ্ট করতে পারে না। অবসর নিলে তো নিজেকে উদ্দীপ্ত করার জন্য প্রতিযোগিতামূলক প্রবৃত্তিটাকে খুঁজে বেড়াতে হবে। এই মুহূর্তে আমি কিছুতেই তা করতে পারবো না"
bdnews24