ঢাকা, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ১ উইকেটে ২১৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করার সময় মনে হয়েছিল, রান পাহাড়ই বোধহয় গড়তে যাচ্ছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। কিন্তু বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বোলাররা তা হতে দেননি। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে সফরের একমাত্র চারদিনের ম্যাচে তারা বরং প্রতিপক্ষকে ৩২৮ রানে অলআউট করে দিয়ে লিড নিয়েছে। সোহরাওয়ার্দী শুভ'র দল প্রথম ইনিংসে করেছিল ৩৪৩ রান। তবে দ্বিতীয় ইনিংসে তারা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। তৃতীয় দিনের শেষে ৩ উইকেটে তুলেছে ৫৮ রান। সবমিলিয়ে বাংলাদেশ এখন ৭৩ রানে এগিয়ে।
১১৫ রানে পাকিস্তানের শেষ ৯টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। এর মধ্যে সফলতম বোলার রুবেল হোসেন। তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া শুভাশিষ রায়, মাহমুদুল হাসান এবং অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন দুটো করে উইকেট। আর বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগ ইতিহাসের প্রথম হ্যাটট্টিক করে পাকিস্তান সফরে যাওয়া পেসার ডলার মাহমুদ নিয়েছেন একটি উইকেট।
তবে বোলারদের সাফল্য কিছুটা ম্লান হয়েছে দ্বিতীয় ইনিংসে দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলায়। প্রথম ইনিংসে কোনো রান না করা সহ-অধিনায়ক এবং ওয়ানডেতে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ব্যর্থ হয়েছেন এবারো। মাত্র ৬ রানে বিদায় নিয়েছেন তিনি। আউট হওয়া অন্য দুই ব্যাটসম্যান আশরাফুল আজিজ (১১) ও মিথুন আলী (৩০)। উইকেটে মাহমুদুল হাসানের (৮*) সঙ্গে আছেন রুবেল (০*)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১৫ঘ.
bdnews24