ঢাকা, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি করা হয়নি। তবে তা নিয়ে কোনো আক্ষেপ থাকার কথা নয় ইমরান আহমেদের। কারণ তার অপরাজিত ৯৯ রানের ইনিংসেই তো ইস্পাহানি মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের একদিনের ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিয়েছে বরিশাল। বৃহষ্পতিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনাকে ৪ উইকেটে হারিয়েছে তারা। খুলনার হার এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ২১ রানের জয়ে পয়েন্ট টেবিলে স্বাগতিকদের শীর্ষস্থান মজবুত হয়েছে আরো। পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে ১০ পয়েন্ট পাওয়া রাজশাহী চলতি লিগের একদিনের ম্যাচের প্রতিযোগীতার একমাত্র অপরাজিত দলও। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী খুলনা (৬ পয়েন্ট) বেশ পিছিয়েই পড়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে চট্টগ্রামকে ২৫ রানে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে সিলেট।
খুলনার ব্যাটিংয়ে তেমন বড় কোনো ব্যক্তিগত ইনিংস নেই। একমাত্র ফিফটি করেছেন ওপেনার ইমরুল কায়েস (৫৫)। অন্য ওপেনার নাজমুস সাদাতও (৩০) কিছু রান করায় ভালো একটা সূচনাই পেয়েছিল খুলনা। এর সঙ্গে হাবিবুল বাশার (৩৩), সাকিব আল হাসান (২৫) ও তুষার ইমরানদের (৩৯) ছোট ছোট ইনিংসগুলো যোগ হয়ে ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ২৪০ রানে পৌছে যায় তারা। বরিশালের বাঁ হাতি স্পিনার তারিকুল ইসলামের (৪/৩০) দুর্দান্ত বোলিংয়ে খুলনার রান আরো বাড়তে পারেনি। আবুল বাশার (২/৪৭), সুমন সাহা (২/৫৫) ও সাজিদুল ইসলামরাও (২/৫৫) নিয়েছেন দুটো করে উইকেট। তবে তাদের রান খরচের হিসাবটাই বলে দিচ্ছে খুলনার ব্যাটসম্যানদের বেগ দিয়েছেন কেবল তারিকুলই।
তুলনায় অনেক শক্তিশালী বোলিং অ্যাটাক নিয়েও হার এড়াতে পারেনি খুলনা। এর কারণ দু'জন। ওপেনার হান্নান সরকার এবং ইমরান আহমেদ। হান্নান ৭০ রান করে আউট হয়ে গেলেও ইমরান দলকে জিতিয়ে তবেই ফিরেছেন সাজঘরে। ৫ বল বাকি থাকতেই দলকে জয়ের তীরে পৌছে দেওয়ার সময় তার নামের পাশে ৯৯। প্রতিপক্ষ আরো কিছু রান বেশি করলে হয়তো তার সেঞ্চুরিটা হয়ে যায়! এমন একটা ম্যাচজয়ী ইনিংস খেলার পর ম্যাচ সেরার পুরস্কারটা ইমরান ছাড়া আর কারোরই পাওয়ার কথা নয়।
৪২ রান খরচে উইকেট পেয়েছেন মাত্র একটি। তবুও সিলেটের পেসার তাপস বৈশ্যের ম্যাচ সেরা হওয়ার কী কারণ থাকতে পারে! বরং ২১০ রান তাড়া করতে নামা চট্টগ্রামকে ৪৫.৪ ওভারে ১৮৫ রানে গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা তো এনামুল হক জুনিয়রের (৩/২৩)। ইমতিয়াজ হোসেন (২/২৫) কিংবা রাশেদুররাও (২/৩৬) কৃতিত্বের ভাগীদার হবেন বেশি। তারপরও দিনের শেষে ম্যাচ রেফারির তাপসকে সেরা হিসেবে বেছে নেওয়ার কারণ, সিলেটের ইনিংসের (৪৯.২ ওভারে ২১০/১০) সর্বোচ্চ ৫০ রান এসেছে তার ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ করেছেন শরীফুল্লাহ। তবে দলকে দুইশো পার করানোর কৃতিত্বটা তাপসেরই!
রাজশাহীকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে নিয়ে গেছেন নাঈম ইসলাম। ওপেনার জুনায়েদ ইমরোজ সিদ্দিকী ৫৯ রান করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় খেই হারানো স্বাগতিকদের ব্যাটিংয়ের হাল ধরেন নাঈম। ঢাকার বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের (৩/১৮) হিসেবী বোলিংও তাদের রানের চাকা শ্লথ করে দেয়। সেখান থেকে ম্যান অফ দি ম্যাচ নাঈমের অপরাজিত ৭৩ রানে লড়াই করার পুঁজি পায় রাজশাহী। ২২৫ রানের লক্ষ্যে নামা ঢাকা দ্রুত ৩ উইকেট খোয়ালেও মোহাম্মদ আশরাফুলের ব্যাটে জেতার আশা টিকে ছিল। কিন্তু ৫৫ রান করে ঢাকা অধিনায়ক আউট হওয়ার পর আর কেউ দেখাতে পারেননি জেতানোর স্বপ্ন। চলতি লিগে রাজশাহীর হয়ে নিয়মিত রান করা ফরহাদ হোসেন এদিন ব্যাটিংয়ের ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন বোলিংয়ে। ৩ উইকেট নিয়েছেন মাত্র ১৮ রান খরচে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪৫ঘ.
bdnews24