জয়পুর, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষদিকে দারুণ জমিয়ে দিয়েছিলেন ইরফান পাঠান। ধুমধাড়াক্কা মারে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। কিন্তু তাতে ব্যবধানই কমেছে কেবল। ভারত অলআউট হয়ে গেছে ২৭৫ রানে। রোববার জয়পুরে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৩১ রানের জয় পেয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩০৬ রান তুলেছিল তারা। আর ভারত 'ইন্ডিয়ান ওয়েল ওয়ানডে সিরিজ' জিতেছে ৩-২ ব্যবধানে।
সিরিজের মিমাংসা হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। দু'দলেই তাই ব্যাপক পরিবর্তন। কিন্তু পাকিস্তান-ভারত যে ম্যাচে প্রতিপক্ষ সেখানে উত্তেজনাও ব্যাপক। তারই ধারাবাহিকতায় ছিল এ ম্যাচেও।
সৌরভ গাঙুলী, জহির খান, হরভজন সিং ও রুদ্রপ্রতাপ সিংকে বিশ্রামে রেখে এ ম্যাচ খেলতে নেমেছে ভারত। অভিষেক হয়েছে অলরাউন্ডার প্রবীন কুমারের। পাকিস্তানের পক্ষে সে সুযোগ পেয়েছেন উইকেট কিপার সরফরাজ আহমেদ। প্রতিপক্ষের মতো পাকিস্তানও বিশ্রাম দিয়েছে তাদের চার খেলোয়াড়কে। তালিকায় আছেন ইউনিস খান, শহীদ আফ্রিদি, শোয়েব আখতার ও কামরান আকমল।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানের পক্ষে গত ১২ ম্যাচে সবচেয়ে সফল উদ্বোধনী জুটিটির জন্ম দিয়েছেন সালমান বাট ও ইমরান নাজির। ১৩ ওভার স্থায়ী এ জুটিতে এসেছে ৬৫ রান। আর তা ভেঙেছেন শান্তকুমারন শ্রীশান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষভাগে বসে থাকার পর এ সিরিজের প্রথম চার ম্যাচে সুযোগ পাননি এই পেসার। ফিরেই জানান দিয়েছেন তার কার্যকারিতা। অবশ্য সেটা দ্বিতীয় স্পেলে। প্রথম তিন ওভারে ২০ রান দেওয়ার পর ১৩তম ওভারের শেষ বলে বাটকে (৩৬) আউট করে শুরু। পরের দু'ওভারে একে একে তুলে নিয়েছেন ইয়াসির হামিদ (১) ও ইমরান নাজিরের (২০) উইকেট।
১২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যস্ত পাকিস্তানকে এরপর টেনে তুলেছেন অধিনায়ক শোয়েব মালিক ও মোহাম্মদ ইউসুফ। চতুর্থ উইকেটে দুজনের ১৬৮ রানের পার্টনারশিপই বড় সংগ্রহের ভিতটা গড়ে দিয়েছে পাকিস্তানের। অহেতুক চড়াও হওয়ার মাশুল গুনেছেন দুজনেই। মুরালি কার্তিকের বলে স্টাম্পড হয়েছেন মালিক। তার আগে ৮২ বলে দুটো ছক্কা ও ৬টি বাউন্ডারিতে খেলেছেন ৮৯ রানের ইনিংস। আগের ম্যাচে ৯৯ রানে অপরাজিত ইউসুফ ঠিক যেন সেখান থেকেই শুরু করেছিলেন। তিনিও যুবরাজ সিংয়ের বলে স্টাম্পড। তার দেখেশুনে খেলা ইনিংসটি ৭৪ রানের। ৮২ বল খেলে সাজিয়েছেন তা ইউসুফ মাত্র চারটি বাউন্ডারিতে।
পাকিস্তানের হয়ে শেষ দিকে ঝড় তুলেছেন ফাওয়াদ আলম ও মিসবাহ-উল হক। ইরফান পাঠানের হাতে ফিরতি ক্যাচ দেওয়ার আগে একটি ছক্কা ও চারে ১৭ বলে ২২ রান করেছেন মিসবাহ। ফাওয়াদ দুটো চার ও একটি ছক্কায় ২৩ বলে ৩২ রান করে অপরাজিত থেকে গেছেন।
জবাব দিতে নেমে সোহেল তানভিরের তোপের মুখে পড়ে ভারত। চতুর্থ ওভারেই এলবিডব্লু হয়ে ফিরে যান গৌতম গম্ভীর (১২)। রবিন উথাপ্পা (১) রাও ইফতেখারের বলে মিসবাহকে ক্যাচ দিলে ২ উইকেটে ২৬ রানে পরিণত হয় ভারত। পরপর দু ওভারে তানভির শচীন টেন্ডুলকার (৩০) ও বীরেন্দর শেবাগকে (১০) আউট করে দিলে বিপদেই পড়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন যুবরাজ সিং ও রোহিত শর্মা। পঞ্চম উইকেটে দুজনে ৮১ রানের জুটি গড়েছেন। শর্মাকে আউট করে এ জুটি ভেঙেছেন শোয়েব মালিক। ইয়াসির হামিদের তালুবন্দী হওয়ার আগে ৬১ বলে ৫২ রান করেছেন তিনি। ফিফটি এসেছে যুবরাজের ব্যাট থেকেও। ৬২ বলে পঞ্চাশ পুরো করার পর উইকেটের পেছনে সরফরাজকে ক্যাচ দিয়েছেন তিনি উমর গুলের বলে। এটি ছিল অভিষিক্ত এই কিপারের দ্বিতীয় ডিসমিসাল। প্রথমটি ছিল শেবাগের।
৩২ বলে ২৪ রান করে ধোনি মালিকের বলে আউট হয়ে গেলে জয়ের আশা একদমই উবে যায় ভারতের। শেষদিকে পাঠানের ওই ঝড়টাই ছিল নিশ্চিত ফল জানা ম্যাচ শেষের অপেক্ষায় থাকা দর্শকদের একমাত্র বিনোদন।
ব্যাট হাতে ৮৯ রানের ইনিংস তারপর ৬১ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শোয়েব মালিক। ম্যান অব দ্য সিরিজের পুরষ্কার উঠেছে যুবরাজ সিংয়ের হাতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২১৪০ঘ.
bdnews24