২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও স্টেইনের হাতে নাকাল নিউজিল্যান্ড

আবারও জ্যাক ক্যালিস ও হাশিম আমলার সেঞ্চুরি। আবারও খুনে মেজাজে ডেল স্টেইন। জোহানেসবার্গ টেস্টের অনেকটা পুনরাবৃত্তিই হলো সেঞ্চুরিয়নে। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংস ও ৫৯ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনের চা-বিরতির খানিক পরই মাত্র ১৩৬ রানেই শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৪৯ রানে ৬ উইকেট নিয়ে স্টেইন একরকম একাই নেতৃত্ব দিয়েছেন এই ধ্বংসযজ্ঞে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

সেঞ্চুরিয়ন, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবারও জ্যাক ক্যালিস ও হাশিম আমলার সেঞ্চুরি। আবারও খুনে মেজাজে ডেল স্টেইন। জোহানেসবার্গ টেস্টের অনেকটা পুনরাবৃত্তিই হলো সেঞ্চুরিয়নে। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংস ও ৫৯ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনের চা-বিরতির খানিক পরই মাত্র ১৩৬ রানেই শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৪৯ রানে ৬ উইকেট নিয়ে স্টেইন একরকম একাই নেতৃত্ব দিয়েছেন এই ধ্বংসযজ্ঞে। ৩ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। অভিষেক টেস্ট খেলতে নামা কিউই ফাস্ট বোলার মার্ক গিলেস্পি ৫ উইকেট নিয়ে তাদের থামিয়েছেন ৩৮৩ রানে। এর মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে তার তৃতীয় সেঞ্চুরিটি তুলে নিয়েছেন হাশিম আমলা। ১০৩ রান করে আউট হয়েছে ইয়াইন ও'ব্রাইনের বলে। নবম উইকেটে ৫১ রানের জুটি গড়ে আন্দ্রে নেল ও স্টেইন দক্ষিণ আফ্রিকাকে লিড এনে দিয়েছেন ১৯৫ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই স্টেইনের তোপের মুখে পড়েছে নিউজিল্যান্ড। চতুর্থ বলেই এলবিডব্লু হয়ে ফিরেছেন ল্যু ভিনসেন্ট (৪)। পরের ওভারে একইভাবে আউট মাইকেল প্যাপসও (১)। সেখান থেকে স্কট স্টাইরিসকে নিয়ে ৬০ রানের এক জুটি গড়ে কিছুটা সামাল দিয়েছিলেন স্টিভেন ফ্লেমিং। স্টাইরিসকে (২৯) এবি ডি ভিলিয়ার্সের দারুণ এক ক্যাচ বানিয়ে এ জুটি ভেঙেছেন জ্যাক ক্যালিস। চা বিরতির খানিক আগে রস টেলর (৮) আমলার সরাসরি থ্রোতে রান আউট হয়ে গেলে জোহানেসবার্গের দুঃস্বপ্ন ফিরে আসে কিউইদের সামনে। সেটা অচিরেই সত্যি হয়ে যায় ফ্লেমিং আউট হওয়ার পরপরই। ৫৪ রান করে স্টেইনের বলে এলবিডব্লু হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। এবং কিছুটা দুর্ভাগ্যজনকভাবেই। ১৯ রানের মধ্যে বাকি ৪ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। থুতনির হাঁড়ে চিড় ধরায় ক্রেইগ কামিন্স ব্যাট করতে পারেননি। ও'ব্রায়ানের স্টাম্প উপড়ে নিজের মাঠে দলের দারুণ এক জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন স্টেইন। শুধু ম্যাচ সেরাই নয়, টানা দ্বিতীয় টেস্টে ১০ উইকেট শিকার তাকে এনে দিয়েছে সিরিজ সেরা খেলোয়াড়ের সম্মানও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০৫৫ঘ.