ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নজরকাড়া পারফরম করতে পারলে হাতছানি দিয়ে ডাকবে নিউজিল্যান্ড। এমনকি ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চুক্তিতে ঢোকার সুযোগও থাকবে। নবম জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে সাধারণ ক্রিকেটারদের জন্য এমন উদ্দীপক ঘোষণাই দিয়ে রেখেছিল বিসিবি। সেই সঙ্গে একটা শর্তও- পারফরম্যান্সটা হতে হবে অসাধারণ। চতুর্থ রাউন্ড শেষে তেমন কাউকে কী নজরে পড়লো? 'নজরকাড়া' কিংবা 'অসাধারণ' বলতে যা বোঝায় ঠিক সেরকম কাউকে না পাওয়া গেলেও তার চোখে লেগেছে দুজনের খেলা। দু'জনেই বাঁ হাতি- বরিশালের পেসার সাজিদুল ইসলাম ও খুলনার ওপেনার ইমরুল কায়েস।
"বরিশালের বাঁ হাতি পেসার সাজিদুল খুব ভালো করেছে। ইমরুল কায়েসও ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে (তৃতীয় রাউন্ডে, চারদিনের ম্যাচের পর ওয়ানডেতেও)। তবে ওদের পারফরম্যান্স নজরকাড়া হয়েছে বলছি না। এটুকুই বলবো, ওরা খুব ভালো করেছে"- বললেন প্রধান নির্বাচক।
নবম জাতীয় লিগে মাঠ থেকে মাঠে ঘুরে বেড়াচ্ছেন রফিকুল। ক্রিকেটারদের পারফরম্যান্স চুলচেরা বিশ্লেষণ করছেন। জানালেন নিউজিল্যান্ড সফরের জন্য দল নির্বাচনের কাজেও নেমে পড়তে যাচ্ছেন দ্রুতই। বাংলাদেশ দলের নতুন কোচ জেমি সিডন্স চলে আসছেন এ মাসের ২৬ কিংবা ২৭ তারিখে। এসেই শুরু করে দেবেন নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি। কাজেই এর আগে দল দিয়ে দিতে হবে নির্বাচকদের। রফিকুল জানাচ্ছেন, "২৭ তারিখের আগেই দল দিব আমরা। প্রাথমিকভাবে ২০ জনের দল দেওয়া হবে।" সেখানে সাজিদুল কিংবা ইমরুলদের মতো নতুন মুখ দেখা যাবে কিনা সে প্রশ্ন এভাবেই এড়িয়ে গেলেন তিনি, "আমি একা তো নির্বাচক নই। আরো দুজন আছে। তাদের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিতে হবে।"
নির্বাচকের চোখ দিয়ে দেখা জাতীয় লিগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তিনি বলছেন, "প্রথমদিকে অনেকেই রান করেনি। এখন সবাই-ই একটু একটু করছে। তামিম ভালো করছে। সাকিব খুব ভালো ব্যাটিং করছে। রাজিনেরও ভালো কয়েকটা ইনিংস হয়ে গেছে। হাবিবুলও খারাপ করছে না। যদিও ওর বেশিরভাগ ইনিংসই ত্রিশ চল্লিশে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু রান করছে নিয়মিতই। আফতাব একটু ভালো করলে ভালো লাগতো।" আর বোলারদের প্রসঙ্গে এসে একজনে রীতিমতো মন্ত্রমুগ্ধ প্রধান নির্বাচক, "জাতীয় লিগে এবার মাশরাফির বোলিং এক কথায় অসাধারণ।"
কিন্তু দুটো বিষয়ে একদমই উচ্ছ্বসিত হতে পারছেন না রফিকুল, "জাতীয় লিগের উইকেট এবং আম্পায়ারিংয়ের মান অনেক, অনেক বাড়াতে হবে। বগুড়া ও রাজশাহীর উইকেটে তবু কিছুটা প্রাণ আছে। কিন্তু ঢাকা ও খুলনার উইকেট দেখে ভালো লাগলো না। আর আম্পায়ারিংয়ের মান নিয়ে এবার বোধহয় বেশিই প্রশ্ন উঠছে। মাঠে বসে খেলা দেখার পর সেসব প্রশ্নকে অযৌক্তিক বলেও মনে হচ্ছে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫৫ঘ.
bdnews24