২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন পরই চট্টগ্রাম-সিলেট-রাজশাহীর প্রতিশোধ

চার দিনের ম্যাচে হারের প্রতিশোধ ওয়ানডেতে নিয়েছে চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ফলে ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের চারদিনের ম্যাচের বিজয়ীদের প্রত্যেককেই (ঢাকা, বরিশাল ও খুলনা) নিতে হয়েছে পরাজয়ের তেতো স্বাদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগের দিন ৩ উইকেটে হেরে যাওয়া চট্টগ্রাম বুধবার ৩ বল বাকি থাকতে একই ব্যবধানে জিতেছে ঢাকার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চার দিনের ম্যাচে হারের প্রতিশোধ ওয়ানডেতে নিয়েছে চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ফলে ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের চারদিনের ম্যাচের বিজয়ীদের প্রত্যেককেই (ঢাকা, বরিশাল ও খুলনা) নিতে হয়েছে পরাজয়ের তেতো স্বাদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগের দিন ৩ উইকেটে হেরে যাওয়া চট্টগ্রাম বুধবার ৩ বল বাকি থাকতে একই ব্যবধানে জিতেছে ঢাকার বিপক্ষে। ফতুল্লা স্টেডিয়ামেও লড়াই জমেছিল দারুণ। তাতে গোলাম মাবুদের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২৫ রান তোলা সিলেট মাত্র ১৪ রানে জিতেছে বরিশালের বিপক্ষে। সেই তুলনায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সহজ জয় পেয়েছে রাজশাহী। ৪৭ বল বাকি থাকতেই খুলনার ১৮৭ রান পেরিয়ে ৫ উইকেটে জিতেছে তারা। এবং ওয়ানডে পর্বের সব ম্যাচে জিতে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহীই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। টস জিতে ব্যাট করে ৯ উইকেটে ২৫৩ রান তোলার পর ঢাকা পয়েন্ট টেবিলে (৪ পয়েন্ট) আরেকটু এগোনোর স্বপ্ন দেখতেই পারতো। কিন্তু তাদের এই রানও নিরাপদ থাকেনি। ২৭ রানে দুই ওপেনার জাভেদ ওমর (৩) ও আল-শাহরিয়ারকে (২৩) হারানোর পর মোশাররফ হোসেন রুবেল এবং মেহরাব হোসেন জুনিয়রের (৩৪) ৭৯ রানের জুটিতে বিপর্যয় বেশ ভালোভাবেই সামলে নেয় ঢাকা। এরপর অধিনায়ক আশরাফুলের সঙ্গে মোশাররফের ৬৫ রানের আরেকটি জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয় তাদের। এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ঢাকাকে আড়াই'শ পার করিয়ে নেয় মাহমুদুল্লাহ রিয়াদ (১৮ বলে ১৯), মোহাম্মদ রফিক (১৪ বলে ২২) ও সাজ্জাদ কাদিরের (১৪ বলে ১৭) তিনটি 'ক্যামিও' ইনিংস। অধিনায়ক আশরাফুল অফস্পিনার সাব্বির খানের (২/৪৬) বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে ৪৮ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। যাতে কোনো বাউন্ডারি না থাকলেও দুটো ছক্কা আছে। তবে ঢাকার সর্বোচ্চ ৬৯ রানের ইনিংসটা এসেছে মোশাররফের ব্যাট থেকে। আর চট্টগ্রামের সফলতম বোলার চারদিনের ম্যাচেও জেতার পথে ঢাকাকে বেশ ভোগানো বাঁ হাতি পেসার কামরুল ইসলাম (৩/৩৫)। ২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঢাকাকে দুশ্চিন্তায় ফেলে দেন চট্টগ্রামের দুই ওপেনার মাহবুবুল করিম ও নাফিস ইকবাল। মাত্র ১২ ওভারেই ৫৮ রান তুলে ফেলেন তারা। যার মধ্যে ৪৬ রানই মাহবুবের, মাত্র ৪৫ বলে। তাকে এলবিডব্লু করে মোশাররফ ঢাকাকে ব্রেক থ্রু এনে দিলেও দ্বিতীয় উইকেটে নাফিস ও আফতাব আহমেদের ৮১ রানের জুটি চট্টগ্রামকে সহজ জয়ের পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু তিন রানের মধ্যে দ্রুত তিন উইকেটের পতনে ম্যাচে ফিরে আসে ঢাকা। ফিফটি করার পর পরই রফিককে সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন নাফিস (৫০)। তার ব্যাটের ওপরের কানায় লেগে বল উঠে যায় ওপরে। বল গ্লাভসবন্দী করতে কোনো সমস্যাই হয়নি উইকেটকিপার সাজ্জাদ কাদিরের। এরপর আশরাফুলের করা ২৯তম ওভারে পর পর দুই বলে সাজঘরমুখী আফতাব আহমেদ (৩৮) ও চট্টগ্রাম অধিনায়ক এহসানুল হক সিজান (০)। আফতাব এক্সট্রা কাভারে ক্যাচ দিয়েছেন, আর এহসানুল মিড অন থেকে বোলার আশরাফুলের থ্রোতে রানআউট। তখন ১ উইকেটে ১৩৯ থেকে ৪ উইকেটে ১৪১ রানে পরিণত হয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় চট্টগ্রাম। সেখান থেকে ৬২ রানের জুটি গড়ার পর নাজিমউদ্দিনকে (৩৪) হারালেও ম্যান অব দ্য ম্যাচ ফয়সাল হোসেন (৫২) একাই জয়ের দিকে টেনে নিচ্ছিলেন দলকে। অবশ্য ম্যাচের ৪৯তম ওভারে মোহাম্মদ রফিক তিন বলের মধ্যে ফয়সাল ও কামরুলকে একই জায়গায় (লংঅন), একই ফিল্ডারের (মোশাররফ) ক্যাচ বানালে শেষ বিকেলে উত্তেজনা ফিরে আসে। তবে তাতে ঢাকার কোনো লাভ হয়নি। ২০ রানে অপরাজিত থেকে ধীমান ঘোষ লক্ষ্যে পৌঁছে দিয়েছেন দলকে। ফতুল্লায় সিলেটকে একাই টেনেছেন গোলাম মাবুদ, দল ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর। ১১৪ বলে সেঞ্চুরি করা মাবুদ সিলেটের সফলতম বোলার সুমন সাহার (৩/৩৮) বলে আউট হওয়ার আগে ঠিক ১০০ রান করেছেন। সিলেটের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেছে শরীফুল্লাহর ব্যাট থেকে। জবাবে বরিশাল বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়রের (৪/৫০) ঘূর্নিজাদুতে ৮ উইকেটে ২১১ রানের বেশি তুলতে পারেনি। তবে ম্যান অব দ্য ম্যাচ গোলাম মাবুদের সেঞ্চুরির জবাবটা সেঞ্চুরি দিয়েই দিতে যাচ্ছিলেন বরিশালের রাকিবুল হাসান। তবে তার অপরাজিত ৮৭ রানের ইনিংসটা শেষ পর্যন্ত বিফলেই গেছে। খুলনায় স্বাগতিকদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ এদিন ব্যর্থতার পরিচয় দিয়েছে। সাকিব আল হাসানের (৫২) ফিফটি ছাড়া আর বলার মতো অবদান ওপেনার ইমরুল কায়েস (২৭) ও অধিনায়ক হাবিবুল বাশারের (২৫)। সোহরাওয়ার্দী শুভ, মাহবুব আলম, ফরহাদ হোসেন ও নাঈম ইসলামরা প্রত্যেকেই নিয়েছেন দুটো করে উইকেট। পরে সৈয়দ রাসেলের (৩/৩৫) বোলিংয়ে ৫৩ রানে ৩ উইকেট হারানো রাজশাহীর জয় নিশ্চিত করে ফরহাদ-নাঈমের ৯৫ রানের চতুর্থ উইকেট জুটি। নাঈম ৬৬ রান করে আউট হয়ে গেলেও ম্যাচের প্রায় শেষ পর্যন্ত উইকেটে থেকে দলের জয় নিশ্চিত করেন ফরহাদ (৪৩)। যদিও ম্যান অব দি ম্যাচের পুরস্কার পেয়েছেন নাঈম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/এমএম/১৯৪৫ঘ.