মুম্বাই, ১৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন হরভজন সিং। ইংল্যান্ড সফরেও সুযোগ পাননি। তবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসাবে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে দলে ফিরেছিলেন তিনি। এবার ফিরলেন টেস্ট দলেও। বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রথম দু টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। তাতে নাম আছে 'টার্বুনেটর' নামে খ্যাত এই অফ স্পিনারের।
অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই দলে আরেকটি ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্বাচকরা। মহেন্দ্র সিং ধোনি নির্বাচিত হয়েছেন তার ডেপুটি। সম্ভবত ভারতের টুয়েন্টি টুয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ককে ভবিষ্যত টেস্ট অধিনায়ক হিসাবে গড়ে তোলার জন্যই নির্বাচকদের এই সিদ্ধান্ত।
হরভজন ফেরায় বাদ পড়েছেন আরেক অফস্পিনার রমেশ পাওয়ার। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ থেকে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসাবে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক। এবং প্রত্যাশিতভাবেই দলে আছেন ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত উপেক্ষিত সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। কিন্তু টেস্টে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান বীরেন্দর শেবাগের জায়গা হয়নি। ফর্মে থাকা গৌতম গম্ভীরকেও প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে রাখেননি নির্বাচকরা।
২২ নভেম্বর দিল্লীতে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু দল।
প্রথম দু টেস্টের জন্য ভারতীয় দল : অনিল কুম্বলে (অধিনায়ক), ওয়াসিম জাফর, দীনেশ কার্তিক, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, জহির খান, রুদ্র প্রতাপ সিং, শান্তকুমারন শ্রীশান্ত ও মুরালি কার্তিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭৩১ঘ.
bdnews24