সিডনি, ১৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিসবেন টেস্ট শুরু হওয়ার আগেই ঝামেলাটার সূত্রপাত। অস্ট্রেলীয় ক্রিকেটের ছবি ও খবরের স্বত্ব সংরক্ষিত হওয়ায় 'ক্রিকেট অস্ট্রেলিয়া' বা সিএ তা প্রচারের জন্য অর্থ দাবী করে বসে সংবাদ সংস্থা সহ সংবাদ মাধ্যমগুলোর কাছে। কিন্তু সংবাদ সংস্থাগুলো এই দাবী মেনে না নিয়ে বয়কট করেছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট। সেই অচলাবস্থা এখনো কাটেনি। শুক্রবার থেকে হোবার্টে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টও বয়কট করার চিন্তা-ভাবনা করছে সংবাদ সংস্থাগুলো।
রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) এই বয়কটের সর্বাগ্রে আছে। রয়টার্স মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মনিক ভিলা জানিয়েছেন, "খেলার খবর ও ছবি স্বাধীনভাবে সরবরাহ করার অধিকার পাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে আছে রয়টার্স। আমি গত রোববার ক্রিকেট অস্ট্রেলিয়ার (কর্মকর্তাদের) সঙ্গে দেখা করেছি। তবে কোনো কিছুরই পরিবর্তন হয়নি। ওরা আমাদের খবর সংগ্রহ নিয়ন্ত্রণ করতে চায়। এটা একেবারেই অগ্রহণযোগ্য।"
যদিও সমস্যা সমাধানের ব্যাপারে সিএ'র মুখপত্র পিটার ইয়াং আশাবাদী, "ভাল খবর হল সংবাদ সংস্থাগুলো আবার আমাদের সঙ্গে আলোচনা করছে। ওরা আলোচনায় না বসা পর্যন্ত ভীষণ হতাশ ছিলাম আমরা। এটা একটা জটিল সমঝোতার বিষয়। তবে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আমরা ভীষণ আগ্রহী।"
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সংবাদ সংস্থাগুলোর এই ঝামেলায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গন। সেটাই স্বাভাবিক। মুত্তিয়া মুরালিধরনের শেন ওয়ার্নের সবচেয়ে বেশি টেস্ট উইকেটের রেকর্ড ভাঙ্গার উজ্জ্বল সম্ভাবনা থাকায় এই সিরিজ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু মিডিয়া বয়কটের কারণে ব্রিসবেন টেস্টের কোনো ছবি না পাওয়ায় ক্রিকেট-পাগল দ্বীপদেশটি খুবই হতাশ। হোবার্টে বয়কট অব্যাহত থাকলে হতাশাটা বেড়ে যাবে বহু গুণ। তাই সিএ'র কাছে খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানের আবেদন জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার কয়েক জন রাজনীতিবিদ, ট্রেড ইউনিয়ন নেতা ও মিডিয়ার একাংশ তো সিএ'র ওপরে খুবই ক্ষুব্ধ। তারা সিএ'কে 'লোভী' বলতেও দ্বিধা করেনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিএ'র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের ঘরের মাঠের ম্যাচগুলোতেও মিডিয়ার ওপরে একই ধরণের বিধি-নিষেধ আরোপ করার কথা ভাবছে বিসিসিআই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.
bdnews24