২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা শীর্ষে, নাটকীয় জয় পেলো ঢাকা-বরিশালও

ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তিনটি জয়ই বেশ নাটকীয়। যে কেউ জিততে পারে, এমন অবস্থা থেকে চারদিনের ম্যাচে শেষ হাসি হেসেছে খুলনা, ঢাকা এবং বরিশাল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খালেদ মাসুদের রাজশাহী ২৪১ রানের টার্গেট দিয়েছিল খুলনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 04:06 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তিনটি জয়ই বেশ নাটকীয়। যে কেউ জিততে পারে, এমন অবস্থা থেকে চারদিনের ম্যাচে শেষ হাসি হেসেছে খুলনা, ঢাকা এবং বরিশাল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খালেদ মাসুদের রাজশাহী ২৪১ রানের টার্গেট দিয়েছিল খুলনাকে। এই রান তাড়া করে মাত্র ২ উইকেটে জিতেছে হাবিবুল বাশারের দল। এই জয়ে রাজশাহীকে টপকে চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে তারা (৪৬)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা-চট্টগ্রাম ম্যাচে অবশ্য নাটক ছিল আরো বেশি। মাত্র ১০৩ রানের টার্গেট তাড়া করে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩ উইকেটে জিতেছে মোহাম্মদ আশরাফুলের ঢাকা। ফতুল্লায় দু'দিকেই দুলতে থাকা ম্যাচে শেষপর্যন্ত ২ উইকেটের জয় বরিশালের। এই রাউন্ডের জয়ে ৪২ পয়েন্ট নিয়ে রাজশাহীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এল ঢাকা-বরিশালও। ৭ উইকেটে ১৯২ রান নিয়ে দিন শুরু করা রাজশাহীর দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪১ রানে। মাসুদের ৬২ রানের 'ক্যাপ্টেন্স নক' না হলে অতোদূর যায় না তারা। অবশ্য খুলনার লক্ষ্যে পৌছানো সহজ হবে বলেই মনে করাচ্ছিলেন তাদের দুই বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েস (৪১) এবং প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা নাজমুস সাদাত (৫২)। তুষার ইমরান (৩৪) ও হাবিবুলও (৩৫) কিছূ রান করায় কাঠখড় পোড়ানোর কথা ছিল না খুলনার। কিন্তু দুই বাঁ হাতি স্পিনার নাঈম ইসলাম (২/৪৬) ও সোহরাওয়ার্দী শুভর (২/৪৮) বোলিংয়ে হুট করেই খেই হারানোয় জেতার আগের দুর্ভোগটা পোহাতে হয় তাদের। প্রথম ইনিংসে হ্যাটট্টিকসহ ৫২ রানে ৭ উইকেট নেওয়া খুলনার পেসার ডলার মাহমুদ হয়েছেন ম্যান অফ দি ম্যাচ। মিরপুরে আগেরদিনই একরকম জয় নিশ্চিত করে রেখেছিল ঢাকা। তবে শেষদিনে চট্টগ্রাম অধিনায়ক এহসানুল হকের ফিফটি (৫৬) ও পেসার তারেক আজিজের অপরাজিত ৩১ রানে একশোর বেশি টার্গেট দাঁড় করাতে পারে তারা। আর ১০৩ রানের টার্গেটে পৌছাতে গিয়েও এক পর্যায়ে হারের শংকার মুখে পড়েছিল । ৮৫ রানেই ৭ উইকেট খুঁইয়ে ফেলেছিল তারা। এতে চট্টগ্রামের বাঁ হাতি পেসার কামরুলের (৪/১৯) চেয়ে কোনো অংশে কম ভূমিকা রাখেননি ঢাকার ব্যাটসম্যানরা। ম্যান অফ দি ম্যাচ প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাভেদ ওমর (১৬) ডাবল নিতে গিয়ে ডিপ ফাইন লেগ থেকে কামরুলের সরাসরি থ্রোতে রান আউট হন। অধিনায়ক আশরাফুল (৪) গালিতে ক্যাচ প্র্যাকটিসই যেন করিয়েছেন। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান আল-শাহরিয়ারও (০)। দু'জনেই কামরুলের শিকার। এই পেসারই হয়ে যেতে পারতেন চট্টগ্রামের জয়ের নায়কও। যদি ঢাকাকে পার করে নেওয়া মেহরাব হোসেন জুনিয়রের (২২*) বিরুদ্ধে তার জোরালো এলবিডব্লুর আবেদনে সাড়া দিতেন আম্পায়ার আখতারউদ্দিন শাহীন। টিভি ধারাভাষ্য দেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের কাছে ওঠা আউট ছিল বলেই মনে হয়েছে। ১৭২ রানের টার্গেট ছুঁতে নামা বরিশাল আগেরদিনই ১৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। আর সিলেটও দেখতে পাচ্ছিল প্রথম জয়ের হাতছানি। কিন্তু সেখান থেকে সিলেটের জয়ের স্বপ্ন বিবর্ণ করে দেন রাকিবুল হাসান (৫৭) ও ব্যাটে-বলে চৌকস নৈপূণ্যের জন্য ম্যান অফ দি ম্যাচ আরাফাত সালাউদ্দিন (৭৬)। ষষ্ঠ উইকেটে তারা ১২৬ রান যোগ করে যখন দলকে জয়ের খুব কাছে নিয়ে যান, তখনই ছন্দপতন। ১২ রানের ভেতর এই দু'জনসহ অধিনায়ক শাহরিয়ার নাফীসকেও (৫) ফিরিয়ে দিয়ে সিলেটকে আবার জয়ের স্বপ্ন দেখান গোলাম মাবুদ (২/২৩) এবং নাবিল সামাদ (১/৫৫)। যদিও তাদের প্রথম জয়ের স্বপ্নটা শেষপর্যন্ত অপূর্ণই থেকে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১৫ঘ.