২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সামনে প্রথম জয়ের হাতছানি

সাফল্যের চূড়া থেকে ব্যর্থতার আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গেই তুলনা করা যেতে পারে সিলেটের ইনিংস দুটোকে। ফতুল্লায় বরিশালের বিপক্ষে ৩৩৫ এর পর তাদের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ৯৫ রানে। তার পরও নবম জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয় পাওয়ার সম্ভাবনা আছে সিলেটের। কারণ ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ৪১ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছে বরিশাল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেও চলছে দু দলের ব্যাট-বলের তীব্র লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, ১২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সাফল্যের চূড়া থেকে ব্যর্থতার আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গেই তুলনা করা যেতে পারে সিলেটের ইনিংস দুটোকে। ফতুল্লায় বরিশালের বিপক্ষে ৩৩৫ এর পর তাদের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ৯৫ রানে। তার পরও নবম জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয় পাওয়ার সম্ভাবনা আছে সিলেটের। কারণ ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ৪১ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছে বরিশাল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেও চলছে দু দলের ব্যাট-বলের তীব্র লড়াই। খুলনা ৯ উইকেটে ২০৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণার পর রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে তুলেছে ১৯২ রান। প্রথম ইনিংসে ২০৩ রান করেছিল রাজশাহী। সব মিলিয়ে তাদের লিড মাত্র ১৯১ রানের। আর মিরপুরে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬৫ রান তোলার পরও ঢাকার প্রথম ইনিংসের (৩৭৬) চেয়ে ১১ রানে পিছিয়ে চট্টগ্রাম। এই ম্যাচে ব্যাটিং ও বোলিং থেকে সর্বোচ্চ ৮ বোনাস পয়েন্টই তুলে নিয়েছে মোহাম্মদ আশরাফুলের ঢাকা। তার ওপর প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ম্যাচ ড্র হলেও তারা সব মিলিয়ে ১২ পয়েন্ট পাবে। তবে সরাসরি জয়ে সেটা ১৬ হওয়ার সম্ভাবনাও জেগেছে। কারণ এক তামিম ইকবাল ছাড়া চট্টগ্রামের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা। তামিমের ৭০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে আফতাব আহমেদের ব্যাট থেকে। অলৌকিক কিছু না ঘটলে মঙ্গলবার ম্যাচের শেষ দিনে চট্টগ্রামের পক্ষে বড় টার্গেট দাঁড় করানো কঠিন। রাজশাহীর (২০৩) পর খুলনাও তাদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি। তবে তারা ৯ উইকেটে ২০৪ রান তুলেই ইনিংস ঘোষণা করে দেয়। এতে প্রতিপক্ষকে সর্বোচ্চ ৪ বোলিং বোনাস পয়েন্ট পাওয়া থেকে যেমন বঞ্চিত করা গেছে, তেমনি এক রানের লিডও নেওয়া গেছে প্রথম ইনিংসের। দুই বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান (২/৩৭) ও মুরাদ খানের (২/৩৪) বোলিংয়ের পরও রাজশাহীর লিড দু 'শর কাছাকাছি। শেষ দিনে দু 'শর বেশি টার্গেটও যে কম নয়, তা চলতি জাতীয় লিগের বেশ কয়েকটি ম্যাচেই বোঝা গেছে। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন ফরহাদ হোসেন। মঙ্গলবার লিডটা যত বেশি সম্ভব বাড়ানোর লক্ষ্য নিয়ে নামবেন অধিনায়ক খালেদ মাসুদ (২৯*) ও মুশফিকুর রহমান (৫*)। আগের দিনের ৬ উএকটে ২১৫ রানের সঙ্গে আর মাত্র ৪৪ রান যোগ করে অলআউট হয়ে যায় বরিশাল। পেসার শুভাশিষ রায় ও রাশেদুর রহমান দুজনেই পেয়েছেন চারটি করে উইকেট। এরপর বরিশালের তিন পেসার তালহা জুবায়ের (৪/৩৪), সাজিদুল ইসলাম (৩/২৮) ও আরাফাত সালাউদ্দিনের (৩/২০) বোলিং তোপে ৯৫ রানেই গুটিয়ে যায় সিলেট। প্রথম ইনিংসে ১৬৮ রানের পর এবারো সিলেটের সর্বোচ্চ ৩২ রানের ইনিংসটা এসেছে অলক কাপালির ব্যাট থেকে। সিলেটের উদ্বোধনী বোলার শুভাশিষ রায় (৩/২৩) পাল্টা আঘাত হানায় ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমেও নাজুক অবস্থা বরিশালের। আশার কথা, অধিনায়ক শাহরিয়ার নাফীস ওপেনিং থেকে পিছিয়ে ব্যাট করতে নামছেন আট নম্বরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২৮ঘ.