২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেসে খেলেই শ্রীলঙ্কাকে হারালো অস্ট্রেলিয়া

প্রতিপক্ষ যতটা না তার চেয়ে বেশী উদ্বেগ ছিল আবহাওয়া নিয়ে। কালো মেঘ ঝমঝম নেমে বেশ ক'বার ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু তার মাঝেই প্রয়োজনীয় পাঁচ উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার ব্রিসবেনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৩০০ রানে। সুবাদেই এক ইনিংস ও ৪০ রানের ব্যবধানে ব্রিসবেন টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ব্রিসবেন, ১১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ যতটা না তার চেয়ে বেশী উদ্বেগ ছিল আবহাওয়া নিয়ে। কালো মেঘ ঝমঝম নেমে বেশ ক'বার ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু তার মাঝেই প্রয়োজনীয় পাঁচ উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার ব্রিসবেনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৩০০ রানে। সুবাদেই এক ইনিংস ও ৪০ রানের ব্যবধানে ব্রিসবেন টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা। ৫ উইকেটে ২১৮ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দীর্ঘ ১০ মাস পর অস্ট্রেলিয়ার ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্নে বাদ সাধার হুমকি দিচ্ছে তখন বৈরি আবহাওয়া। আর তার মাঝেই জ্বলে উঠলেন দুই পেসার ব্রেট লি ও স্টুয়ার্ট ক্লার্ক। ক্লার্কের করা দিনের চতুর্থ ওভারেই ফিল জ্যাকস মিড উইকেটে ক্যাচ ফেলেছেন চামারা সিলভার। অবশ্য খানিক বাদেই প্রসন্ন জয়াবর্ধনেকে এলবিডাব্লিউ করে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন ক্লার্ক। ১০ রানে জীবন পাওয়া সিলভা শেষ পর্যন্ত আউট হয়েছেন ৪৩ রান করে। তার আগে সপ্তম উইকেটে ফারভিজ মাহারুফের (১৮) সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েছেন খানিকক্ষণ। ব্রেট লির তোপের শুরু তখনই। মাহারুফের অফ স্টাম্প উপড়ে নিলেন প্রথমে। লাঞ্চের মিনিট পনেরো আগে আউট করলেন সিলভাকে। অন সাইডে লিকে হাঁকাতে গিয়ে থার্ড ম্যানে তালুবন্দী হয়েছেন মাইক হাসির। এর আগে লির এক ওভারে পরপর তিনটি বাউন্ডারি মেরেছিলেন সিলভা। এরপর দিলহারা ফার্নান্ডোকে বোল্ড করে জয়ের মঞ্চ সাজিয়ে দেন লি। কিন্তু আশঙ্কা তখনও ছিল খানিকটা। লাঞ্চের পর দু'দফা বৃষ্টি অনিশ্চিত করে তোলে খেলার ভাগ্য। বিরতির পর মুরালিধরনকে বোল্ড করে টানা ১৩ টেস্টে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন ক্লার্ক। ম্যাচ শেষে অধিনায়ক রিকি পন্টিং প্রশংসায় ভিজিয়েছেন তার 'নতুন মুখের অস্ট্রেলিয়া' দলকে। বলেছেন, "আপনারা নিশ্চিত থাকতে পারেন নিজেদের মান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা। দলের তরুণরা নিজেদের পরিচয়ে পরিচিত হওয়ার জন্য সুযোগ পেয়েছে এবং আশা করছি এই দল নিয়েই আমরা বাকিদের সঙ্গে নিজেদের ব্যবধানটা আরো বাড়াতে পারব।" শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে স্বীকার করেছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও জাস্টিন ল্যাঙ্গার ছাড়া প্রতিপক্ষকে চাপে ফেলতে ব্যর্থ হয়েছে তার দল। তার মতে, "এই সুযোগটা আমাদের নেওয়া উচিত ছিল, কিন্তু প্রথম দু'দিনে তা করা আমাদের সামর্থ্যে কুলোয়নি।" প্রথম ইনিংসে ২৬ রানে ৪ উইকেট নেওয়া লি দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন। এদফা তার খরচ হয়েছে ৮৬ রান। আর ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনিই। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫২০ঘ.