মুম্বাই, ১২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বিপক্ষে প্রথম চার ম্যাচ খেলা হচ্ছে না রাহুল দ্রাবিড়ের। পঞ্চম ওয়ানডেতে খেলাও নিশ্চিত নয়। কিন্তু অনিল কুম্বলে এটাকে একটা সাময়িক অবস্থা বলে মনে করছেন। দ্রাবিড় শিগগিরই ওয়ানডে দলে ফিরবেন বলেই নিজের অভিমত দিয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।
বাজে ফর্মের কারণেই ওয়ানডে দল থেকে দ্রাবিড়কে আপাত অব্যহতি দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। কিন্তু ঘরোয়া রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে দারুণ এক ডাবল সেঞ্চুরি দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। ১০ হাজারের ওপর ওয়ানডে রান করা বিশ্বের সাত ব্যাটসম্যানের একজন দ্রাবিড় সম্পর্কে তার উত্তরসূরীর অভিমত, "ওর মতো একজন দারুণ খেলোয়াড়কে দলের বাইরে রাখা যায় না।" এনডিটিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে কুম্বলে আরো বলেছেন, "আমি নিশ্চিত এটা একটা সাময়িক অবস্থা। ও ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ, গত একযুগ ধরেই অবশ্য তা-ই আছে।"
এদিকে ইনজুরিতে ভোগা উইকেট কিপার কামরান আকমলের জায়গায় সরফরাজ আহমেদকে ভারত পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আকমলের আঙ্গুলের চোট আরো খারাপের দিকে যাওয়ায় আরেকজন উইকেট কিপার চেয়ে পাঠিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন গত বছর আইসিসি যুব বিশ্বকাপ জয়ে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া এবং আকমলের ভবিষ্যত উত্তরসূরী সরফরাজকেই বেছে নিয়েছেন তারা। দলের সঙ্গে মঙ্গলবার যোগ দেবেন তিনি। বলেছেন, "দলের জন্য ভবিষ্যতের এক বিনিয়োগ হিসেবে দেখছি আমরা তাকে।" রোববার কানপুরে ভারতের কাছে ৪৬ রানে হেরে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৩৬ঘ.
bdnews24