ঢাকা, ১১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- যা ভাবা হয়েছিল ঘটেছে ঠিক তাই। চ্যালেঞ্জার্স কাপে টিম ওয়েস্ট এবং টিম ইস্টের ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে তিনদিনেই। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রোববার ৩ উইকেটের জয় পেয়েছে টিম ইস্ট। অন্যদিকে বিকেএসপিতে টিম নর্থের বিপক্ষে লজ্জার এক কান্ড করে বসেছে টিম সাউথ! প্রথম ইনিংসে মাত্র ৫০ রানে অলআউট হয়ে ফলোঅন করছে তারা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে তুলেছে ৪০ রান। এই ম্যাচের ফলও তিনদিনে হয়ে যাওয়া বিচিত্র কিছু নয়।
দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৯৪ রান নিয়ে দিন শুরু করা টিম ওয়েস্ট অলআউট হয়েছে ১০৫ রানে। ফলে জেতার জন্য ১৬৬ রানের লক্ষ্যমাত্রা দাড়ায় টিম ইস্টের সামনে। শাকিলের ফিফটিতে (৫১) তিন উইকেট অক্ষত রেখেই লক্ষ্যে পৌছে যায় তারা। মাত্র ২৭ রানে ৫ উইকেট নিয়ে টিম ওয়েস্টের দ্বিতীয় ইনিংস মাত্র ১০৫ রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড়ো ভূমিকা রাখা মাহমুদুজ্জামান হয়েছেন ম্যান অফ দি ম্যাচ।
৫ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শুরু করা টিম নর্থ এদিন অলআউট হয় ২৬৩ রানে। অল্পের জন্য সেঞ্চুরি পাননি তাদের কামরুল (৯৩)। এছাড়া গাজী আলমগীর ৪৭ ও মাহমুদুল ৩৫ রান করেন। তবে টিম সাউথের শোয়েব দেখিয়েছেন দুর্দান্ত বোলিং নৈপুণ্য। ৪৪ রানে ৬ উইকেট পেয়েছেন তিনি। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিফলেই গেছে তার এই কৃতিত্ব। মাত্র ২৪.৪ ওভারেই ৫০ রানে শেষ টিম সাউথের ইনিংস। টিম নর্থের সাইফুল ২৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২০৩৫ঘ.
bdnews24