ঢাকা, ১০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চারদিনের ম্যাচের ফলাফল হয়ে যেতে পারে তিনদিনেই। চ্যালেঞ্জার্স কাপে টিম ওয়েস্ট এবং টিম ইস্টের ম্যাচ অন্তত তেমন আভাসই দিচ্ছে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে টিম ওয়েস্ট দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে তুলেছে ৯৪ রান। টিম ইস্টের চেয়ে তারা মাত্র ১৫৪ রানে এগিয়ে। এদিকে বিকেএসপিতে শনিবার শুরু হয়েছে টিম নর্থ এবং টিম সাউথের খেলা। প্রথম দিনের শেষে টিম নর্থ ৫ উইকেটে তুলেছে ১৫৪ রান।
আগের দিন টিম ওয়েস্টের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪৬ রানে। এদিন টিম ইস্টের ব্যাটিং ব্যর্থতা ছাড়িয়ে গেছে তাদেরও। মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় তারা । সর্বোচ্চ ২৯ রান করেছেন হুমায়ুন। টিম ওয়েস্টের হাসিবুল, রাশেদুল, মনিরুল ও আরিফুল নিয়েছেন দুটো করে উইকেট। এর পর টিম ইস্টের মাহমুদুজ্জামানের (৪/২৪) দুর্দান্ত বোলিং তৃতীয় দিনেই ফল হওয়ার সম্ভাবনা জাগিয়েছে। এছাড়া রুম্মন ও দেবব্রত নিয়েছেন দুটো করে উইকেট।
ওদিকে টিম নর্থের ১৫৪ রানের অর্ধেকেরও বেশি এসেছে কামরুলের ব্যাট থেকে। দিনশেষে তিনি অপরাজিত ছিলেন ৮৩ রানে। টিম সাউথের শোয়েব ১৮ রানে নিয়েছেন তিন উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৪০ঘ.
bdnews24