মোহালি, ভারত, ৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মাত্র এক বারই ভারতকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। বছর পাঁচেক আগে ইংল্যান্ডের বিপক্ষে একটা ওয়ানডেতে। সহ-অধিনায়কের সম্মানও পেয়েছেন কয়েক বার। কিন্তু পুরোপুরি অধিনায়কের দায়িত্ব তিনি কখনোই পাননি। নেতৃত্বের লড়াইয়ে সব সময় উপেক্ষিত সেই অনিল কুম্বলেই এখন ভারতের টেস্ট অধিনায়ক। বৃহস্পতিবার মোহালিতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে শেষে নতুন টেস্ট অধিনায়ক হিসাবে এই অভিজ্ঞ লেগস্পিনারের নাম ঘোষণা করেছেন নির্বাচকরা। যদিও সেটা শুধু পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের জন্যই।
১৯৯০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত কুম্বলে এখন টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। শেন ওয়ার্নের ৭০৮ ও মুত্তিয়া মুরালিধরনের ৭০২-এর পরেই তার ৫৬৬ উইকেট। কিন্তু কুম্বলে এমন এক অনন্যসাধারণ কীর্তির অধিকারী যা ওয়ার্ন বা মুরালি কখনোই স্পর্শ করতে পারেননি। টেস্ট ক্রিকেটের ১৩০ বছরের সুদীর্ঘ ইতিহাসে এক জনই শুধু তা করতে পেরেছেন
bdnews24