ব্রিসবেন, ৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওয়ার্ন-মুরালিধরন ট্রফি শুরু হওয়ার আগে টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়তে তার প্রয়োজন ছিল ৯ উইকেটের। বৃহস্পতিবার ব্রিসবেন টেস্টের প্রথম দিনে দুই উইকেট তুলে নিয়ে সেটাকে ৭-এ নামিয়ে এনেছিলেন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু পর দিন সেই মুরালিই সাফল্যহীন! শুক্রবার স্পিন-জাদুকরের জন্য হতাশা হয়ে আসা এক দিনে শ্রীলঙ্কাও ব্যাটিং-বোলিং দু বিভাগেই চরম ব্যর্থ। আর সেই ব্যর্থতার সুযোগে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেই অস্ট্রেলিয়া চালকের আসনে। মাইকেল ক্লার্ক ও মাইকেল হাসির দুটো দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ৫৫১ রান করে ইনিংস ঘোষণা করার পর দিনের শেষ ভাগে বল হাতে জ্বলে উঠেছেন ব্রেট লি। এই গতি-তারকা সনাৎ জয়াসুরিয়া ও মাইকেল ভ্যানডর্টকে ফিরিয়ে দেয়ায় ২ উইকেটে ৩১ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা।
আগের দিন মারভান আতাপাত্তুর ব্যর্থতায় ১৩ রানের সময় 'জীবন' পেয়েছিলেন হাসি। শুক্রবার সেই ভুলের মাশুল কড়ায়-গন্ডায় দিতে হল জয়াবর্ধনের দলকে। অস্ট্রেলিয়া ৩ উইকেটে ২৪২ রান নিয়ে যখন দিনটা শুরু করছে তখন হাসি অপরাজিত ২৮ রানে, সঙ্গী ক্লার্কের রান ৫। প্রায় ১০ মাস পর টেস্টে ব্যাট করতে নামা হাসি ও ক্লার্কের মনযোগে প্রথম সেশনে চিড় ধরাতে পারেননি শ্রীলঙ্কার কোনো বোলার। আগের দিন মুরালির বলে হাসি কিছুটা অস্বস্তিতে থাকলেও শুক্রবার বিশ্বসেরা স্পিনারকে আস্থার সঙ্গেই খেলেছেন তিনি। তার সঙ্গে ক্লার্কও দৃঢ়তার সঙ্গে ব্যাট করায় লাঞ্চ পর্যন্ত কোনো উইকেট হারাতে হয়নি পন্টিংয়ের দলকে। লাঞ্চের সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ৩৫৯ রান। হাসি তখন ৮৫ রানে অপরাজিত, আর ক্লার্ক ৬৪ রানে।
শেষ পর্যন্ত দু জনে বিচ্ছিন্ন হলেন চা-বিরতির মিনিট পনেরো আগে। দিলহারা ফার্নান্দোর বল ড্রাইভ করতে গিয়ে শর্ট কাভারে সেই আতাপাত্তুর হাতেই হাসি ক্যাচ তুলে দিয়েছেন যার সৌজন্যে আগের দিন 'জীবন' ফিরে পেয়েছিলেন তিনি। তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ১৩টি বাউন্ডারি ও দুটি ছক্কায় সাজানো ১৩৩ রান। চতুর্থ উইকেটে হাসি-ক্লার্কের ২৪৫ রানের জুটিই বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার।
ক্লার্ককে কিন্তু কেউ আউট করতে পারেননি। হাসির সমান বাউন্ডারি মারলেও ছক্কা মেরেছেন একটি। ইনিংস ঘোষণার সময় তিনি অপরাজিত ছিলেন ১৪৫ রানে। অন্যপ্রান্তে অ্যান্ড্রু সাইমন্ডস তখন ৫৩ রানে অপরাজিত। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাতে অস্ট্রেলিয়ার বোলারদের হাতে সে সময় ১৬ ওভার ছিল।
সেই ১৬ ওভারেই সফরকারীদের মুখের হাসি কেড়ে নিয়েছেন ব্রেট লি। প্রথমে জয়াসুরিয়াকে (৭) গিলক্রিস্টের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেছেন তিনি। ভ্যানডর্টও (০) তার বলেই কট বিহাইন্ড। দিনশেষে আতাপাত্তু ১৯ ও জয়াবর্ধনে ৫ রান নিয়ে ব্যাট করছিলেন।
বিবিসির সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩১ঘ.
bdnews24