ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- যেন ইনজুরি হানা দিতে না পারে, সেজন্যই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৬ ক্রিকেটারকে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের বাইরে রাখা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরমর্শ মেনে বিভাগীয় ক্রিকেট দলগুলো তাদের না খেলার সিদ্ধান্ত নিয়েছে বলে বিসিবি থেকে জানানো হয়েছে।
৬ ক্রিকেটারের মধ্যে আছেন চার ফাস্ট বোলার খুলনার মাশরাফি বিন মর্তুজা, ঢাকার শাহাদাত হোসেন রাজীব, সিলেটের তাপস বৈশ্য ও নাজমুল হোসেন। এছাড়াও খুলনার বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও বরিশালের ব্যাটসম্যান নাসির উদ্দিন ফারুক খেলছেন না শনিবার থেকে শুরু হওয়া জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে।
একটানা ম্যাচ খেলাটা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায় ফাস্ট বোলারদের ক্যারিয়ারের জন্য। সেজন্যই বাংলাদেশ দলের ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এই ৬ ক্রিকেটারকে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও তাপস বৈশ্যকে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় চতুর্থ রাউন্ডের ওয়ানডে ম্যাচে খেলতে অনুমতি দিয়েছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০২৯ঘ.
bdnews24