২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ড ও মার্টিনের তোপে ২২৬ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছর কেটে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে কখনো টেস্ট খেলেননি শেন বন্ড। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জোহানেসবার্গ টেস্টই প্রোটিয়াদের বিপক্ষে তার প্রথম টেস্ট এবং সে ম্যাচেই জ্বলে উঠলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার। বন্ডের ৪ এবং ক্রিস মার্টিনের ৩ উইকেটের সুবাদে টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকরা ২২৬ রানেই অলআউট হয়ে গেছে। জবাবে প্রথম দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 05:11 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

জোহানেসবার্গ, ৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছর কেটে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে কখনো টেস্ট খেলেননি শেন বন্ড। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জোহানেসবার্গ টেস্টই প্রোটিয়াদের বিপক্ষে তার প্রথম টেস্ট এবং সে ম্যাচেই জ্বলে উঠলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার। বন্ডের ৪ এবং ক্রিস মার্টিনের ৩ উইকেটের সুবাদে টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকরা ২২৬ রানেই অলআউট হয়ে গেছে। জবাবে প্রথম দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪১ রান। কয়েক দিন আগে জ্যাক ক্যালিসের ক্যাচ ছাড়ার মাশুল ভাল ভাবেই দিতে হয়েছিল পাকিস্তানকে। বৃহস্পতিবার মাইকেল প্যাপস ও ইয়াইন ও' ব্রায়েনের ব্যর্থতায় দু বার জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি ক্যালিস। ২৯ রান করা ক্যালিসকে কট বিহাইন্ড করে আক্ষেপটা ঘুচিয়েছেন ও' ব্রায়েন। তবে দিনের সেরা বোলার নিঃসন্দেহে বন্ড। হাশিম আমলা (১২), অ্যাশওয়েল প্রিন্স (১), এবি ডি ভিলিয়ার্স (৩৩) ও আন্দ্রে নেলকে (১৫) ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করা হার্শেল গিবসের উইকেটটি অবশ্য তার নয়, সেটি মার্টিনের। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে (১) বোল্ড করে মার্টিনই প্রথম ধাক্কা দিয়েছেন স্বাগতিকদের। আর দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করা মাইকেল বাউচারের উইকেটটি টেস্টে প্রথম বারের মতো নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিতে নামা ড্যানিয়েল ভেট্টোরির। নিউজিল্যান্ডের শুরুটাও অবশ্য ভাল হয়নি। উদ্বোধনী জুটিতে ১৬ রান হওয়ার পর মাইকেল প্যাপসকে (২) দ্বিতীয় স্লিপে ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন মাখায়া এনটিনি। শেষ ওভারের আগের ওভারে ক্রেইগ কামিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে কিউইদের হাসিমুখে দিনটা শেষ করতে দেননি ডেল স্টেইন। দিনশেষে সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং ২২ রানে অপরাজিত ছিলেন। 'নাইটওয়াচম্যান' বন্ড রানের খাতা খুলতে পারেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২১৯ঘ.