মোহালি, ভারত, ৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাত্র এক রানের জন্য শচীন টেন্ডুলকার সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু সেই ভুল করেননি ইউনিস খান। বৃহস্পতিবার মোহালিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ভারতের ছুড়ে দেয়া ৩২১ রানের চ্যালেঞ্জ যে পাকিস্তান ৬ উইকেটে হারিয়ে পেরিয়ে গেল তাতে সবচেয়ে বড় অবদান ইউনিসের ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংসের। এর সঙ্গে মিসবাহ-উল হকের ৪৯ ও শেষ দিকে শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে এক বল হাতে রেখে ৪ উইকেটের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। আর সেজন্যই ৫ ম্যাচের সিরিজে এখন ১-১এ সমতা।
খারাপ সময়ের ভেতর দিয়ে যাওয়া কামরান আকমল এই ম্যাচেও ব্যর্থ। সালমান বাটকে নিয়ে ওপেন করতে নামা পাকিস্তান উইকেট কিপার ১৩ রান করে পয়েন্টে যুবরাজের তালুবন্দী হয়েছেন। বোলার ছিলেন আরপি সিং। ৩৮ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তানের পরের জুটিটাও তেমন বড় হয়নি। শুরু থেকে আস্থার সঙ্গে খেলা সালমানকে (৩৭) বোল্ড করে স্বাগতিকদের উল্লাসে ভাসিয়েছেন ইরফান পাঠান। সেটা বহু গুণে বেড়ে গেছে মোহাম্মদ ইউসুফের বিদায়ে। ১২ রান করা ইউসুফকে হরভজন যখন স্টাম্পিংয়ের ফাঁদে ফেললেন ১০৫ রানে তৃতীয় উইকেট হারিয়ে পাকিস্তান তখন বেশ বিপদেই।
সৌরভের বলে ধোনির ব্যর্থতায় স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচে যাওয়া ইউনিস এর পর অধিনায়ক শোয়েব মালিককে নিয়ে ৬৯ রানের জুটি গড়েছেন। ২৫ রান করা মালিককেও ফিরিয়েছেন হরভজন, পাঠানের ক্যাচ বানিয়ে। পাকিস্তানের আস্কিং রানরেট তখন সাড়ে আটেরও বেশি। কিন্তু কঠিন হয়ে পড়া ম্যাচটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছেন ইউনিস ও মিসবাহ-উল হক। মাত্র ১২ দশমিক ৪ ওভারে ১০২ রানের জুটি গড়েছেন তারা। তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পাওয়া ইউনিসই ছিলেন বেশি আগ্রাসী। ম্যান অব দ্য ম্যাচও তিনিই। ১১০ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ১১৭ রান করা ইউনিসকে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন জহির খান। ৪৪ বলে ৪৯ করা মিসবাহও বোল্ড হয়েছেন, তার ঘাতক আরপি সিং। এ দু জন ফিরে যাওয়ার পর ১৪ বলে একটি ছক্কা ও তিনটি চারে ২৯ রানে অপরাজিত থাকা আফ্রিদি দারুণ এক জয় এনে দিয়েছেন দলকে। ১০ বলে দুটি চারে অপরাজিত ১৪ রান করা তানভির যোগ্য সঙ্গ দিয়েছেন তাকে।
ব্যাটিং শক্তি বাড়াতে ভারত মুরালি কার্তিকের জায়গায় বীরেন্দর শেবাগকে নিলেও পাকিস্তান সে পথে পা বাড়ায়নি। প্রথম ম্যাচে খেলা বাঁহাতি স্পিনার আব্দুর রেহমানের বদলে তারা দলে টেনেছে সোহেল তানভিরকে। অর্থাৎ মোহালির পেস সহায়ক উইকেটে পেস-শক্তি বাড়িয়ে প্রতিপ ব্যাটসম্যানদের চাপের মধ্যে রাখার ইচ্ছা। টস জিতে ব্যাট করতে নামা ভারতকে প্রথম ওভারেই ধাক্কা দিয়ে ইচ্ছাটা বাস্তবায়িত করার ইঙ্গিতও দিয়েছিলেন শোয়েব আখতার। 'পিন্ডি এক্সপ্রেস'-এর প্রথম বলে দুই রান নিলেন সৌরভ গাঙ্গুলী, পরেরটা কাভার পয়েন্ট দিয়ে চার। কিন্তু তৃতীয় বলেই 'প্রিন্স অব কলকাতা'কে বোল্ড করে প্রতিশোধটা নিয়ে নিলেন শোয়েব। ভারতের স্কোর ১ উইকেটে ৬ রান, সৌরভের রানও তা-ই।
শুরুর এই ধাক্কা কিন্তু দলকে বুঝতেই দেননি টেন্ডুলকার ও গম্ভীর। বিশেষ করে টেন্ডুলকার। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ চওড়া হয়েছে তার ব্যাট। একটা পরিসংখ্যানেই তা প্রমাণিত। ৫৭ বলে ৯টি চারে ফিফটিতে পৌঁছানোর পর বাউন্ডারি মেরেছেন আরো ৫টি, আর শহীদ আফ্রিদিকে লং অফের ওপর দিয়ে বিশাল ছক্কা। সেই সুবাদে ৯০ বলে ৯৯ রানে পৌঁছে গিয়েছিলেন 'ব্যাটিং জিনিয়াস'। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের দর্শকরা তখন টেন্ডুলকারের ৪২তম ওয়ানডে সেঞ্চুরির সাী হয়ে করতালি দিতে প্রস্তুত। কিন্তু ৯১তম বলটিতেই সর্বনাশটা হল। উমর গুলের অফস্টাম্পের বাইরে পড়া বল স্টিয়ার করতে গিয়ে টেন্ডুলকার কট বিহাইন্ড! এ বছর এই নিয়ে পঞ্চম বারের মতো ৯০এর ঘরে আউট হলেন তিনি, ৯৯ রানে তিন বার!
টেন্ডুলকারের সঙ্গে ১৭৩ রানের দুর্দান্ত জুটিটা ভেঙ্গে যাওয়ার পর গম্ভীরও বেশিণ টিকতে পারেননি। তার ঘাতকও গুল। ৫৭ রান করা গম্ভীরকে আফ্রিদির ক্যাচ বানিয়েছেন তিনি। নতুন দুই ব্যাটসম্যান শেবাগ ও যুবরাজ সিংয়ের জুটিও খারাপ হয়নি। ৫৩ রান করে দু জনে একটা স্বস্তিকর জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেছেন দলকে। কিন্তু শেবাগকে (২৫) আফ্রিদি বোল্ড ও যুবরাজকে (৩৪) তানভির গুলের ক্যাচ বানানোর পর হঠাৎ করেই ব্যাটিং বিপর্যয় ঘটে স্বাগতিকদের। অধিনায়ক মহেন্দ্র ধোনিকে (৪) শোয়েব কট বিহাইন্ড ও রবিন উথাপ্পাকে (০) তানভির এলবিডব্লুর ফাঁদে ফেলায় ভারত পরিণত হয় ৭ উইকেটে ২৬৬ রানে। কিছুণ পর ইরফান পাঠানও (৭) শোয়েবের বলে আউট। তখন মনে হচ্ছিল তিন শ'ও স্পর্শ করতে পারবে না তারা। কিন্তু তার পরই জ্বলে উঠেছে হরভজন সিংয়ের ব্যাট। দুটি করে চার ও ছক্কায় 'ভাজ্জি'র ২০ বলে অপরাজিত ৩৮ রানের জন্যই ৩২১ রান করতে পেরেছে ভারত। শোয়েবের ৩ উইকেটের পাশে গুল ও তানভিরের শিকার দুটি করে উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪১ঘ.
bdnews24