২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির সঙ্গে কুম্বলেও ঢুকে পড়েছেন নেতৃত্বের লড়াইয়ে

শচীন টেন্ডুলকার অধিনায়কত্ব নিতে রাজি হননি কিছুতেই। সেটাই স্বাভাবিক। ভারতের অধিনায়ক হিসাবে 'লিটল জিনিয়াস'-এর আগের দুটো মেয়াদ তো ভাল কাটেনি! আর তার এই অস্বীকৃতিতে ভারতের নির্বাচকরা এখন একরকম চাপের মুখে। ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপরে টেস্টেও আস্থা রাখবেন কি না সেই সিদ্ধান্ত নেয়ার জন্য সময়ও তাদের হাতে বেশি নেই। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময়ই ঘোষণা করতে হবে নতুন টেস্ট অধিনায়কের নাম। আর এ তালিকায় হঠাৎ করেই ঢুকে পড়েছেন অনিল কুম্বলে। আপাত সময়ের জন্য বিতর্ক এড়াতেই তার ওপরই ভরসা করার কথা ভাবছেন নির্বাচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নয়াদিল্লী, ৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শচীন টেন্ডুলকার অধিনায়কত্ব নিতে রাজি হননি কিছুতেই। সেটাই স্বাভাবিক। ভারতের অধিনায়ক হিসাবে 'লিটল জিনিয়াস'-এর আগের দুটো মেয়াদ তো ভাল কাটেনি! আর তার এই অস্বীকৃতিতে ভারতের নির্বাচকরা এখন একরকম চাপের মুখে। ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপরে টেস্টেও আস্থা রাখবেন কি না সেই সিদ্ধান্ত নেয়ার জন্য সময়ও তাদের হাতে বেশি নেই। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময়ই ঘোষণা করতে হবে নতুন টেস্ট অধিনায়কের নাম। আর এ তালিকায় হঠাৎ করেই ঢুকে পড়েছেন অনিল কুম্বলে। আপাত সময়ের জন্য বিতর্ক এড়াতেই তার ওপরই ভরসা করার কথা ভাবছেন নির্বাচকরা। রাহুল দ্রাবিড় দায়িত্ব ছেড়ে দেয়ার পর ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া ধোনির নতুন ভূমিকায় দুর্দান্ত সূচনা হয়েছে। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের শুরুতে ক্রিকেটবোদ্ধারা ভারতকে সেভাবে আমলই দেননি। অথচ সবাইকে চমকে দিয়ে সেই ভারতই আন্তর্জাতিক ক্রিকেটের নবতম সংস্করণের প্রথম বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে। সেই টুর্নামেন্টে ধোনির নেতৃত্ব নজর কেড়েছে প্রায় সবারই। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজে ভারত ২-৪ ব্যবধানে হেরে গেলেও পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের জয়ে ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। টেন্ডুলকার সরে দাঁড়ানোয় তাই টেস্ট অধিনায়ক হওয়ার ব্যাপারে ধোনির এখন নিশ্চিন্ত থাকারই কথা। কিন্তু ভারতের নির্বাচকরা নিশ্চিন্ত থাকতে পারছেন কই! মাত্র দু মাস আগে নেতৃত্ব পাওয়ায় ধোনি তো আসলে এখন শিক্ষানবিশী পর্যায়েই রয়েছেন। তাছাড়া টেস্টও খুব বেশি খেলেননি, মাত্র ২০টি। এমন অবস্থায় নির্বাচকরা টেস্ট অধিনায়কত্ব দিয়ে তাকে আরো চাপের মধ্যে ফেলবেন কি না সেটাই বড় এক প্রশ্ন। এই প্রসঙ্গে ভারতের বেশ কয়েক জন সাবেক গ্রেট ধোনির বিপক্ষে অবস্থান নিয়েছেন। সাবেক অধিনায়ক ও জাতীয় ক্রিকেট একাডেমির বর্তমান চেয়ারম্যান রবি শাস্ত্রী তো রীতিমতো হুঁশিয়ারিই দিয়েছেন এ ব্যাপারে। সাবেক কোচ ও অলরাউন্ডার মদনলালও তার সঙ্গে একমত। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বের প্রশংসা করলেও এখনই তাকে টেস্ট অধিনায়ক না করারই পক্ষপাতী মদনলাল। তিনি বরং এই দায়িত্বে অনিল কুম্বলেকে দেখতেই বেশি আগ্রহী, "টুয়েন্টি টুয়েন্টির শিরোপা জয় ধোনির জন্য দারুণ এক অর্জন। সে এখন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। কেউই বুঝতে পারছে না টেন্ডুলকার কেন নেতৃত্ব নিতে অস্বীকৃতি জানালো। যদিও ইংল্যান্ডে সে টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব নিয়েছিল, যেটা নেয়া তার মোটেই উচিৎ হয়নি। তবে কুম্বলে আছে এখনো। নির্বাচকদের উচিৎ অধিনায়কত্ব দিয়ে তাকে পুরস্কৃত করা। সে সবগুলো টেস্টই খেলবে আর তার জায়গাও নিশ্চিত। সে ভীষণ অবমূল্যায়িত এক জন ক্রিকেটার।" সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার কুম্বলেকে অধিনায়কের পক্ষে রায় দিয়েছেন। কুম্বলে নিজেও টেস্ট অধিনায়ক হওয়ার ব্যাপারে আগ্রহ জানিয়েছেন, "অনুরোধ করা হলে আমি অবশ্যই কাজটা করবো। জানি না আমি লড়াইয়ে আছি কি না। তবে প্রস্তাব পেলে তা হবে আমার জন্য এক বিশাল সম্মান। সুযোগ পেলে আমি অবশ্যই দায়িত্বটা উপভোগ করবো।" তবে ভারতের সাবেক কোচ ও অধিনায়ক অজিত ওয়াদেকারের বিশ্বাস ভবিষ্যতের কথা চিন্তা করে ধোনির ওপরেই নির্বাচকদের আস্থা রাখা উচিৎ, "সে ভালোভাবেই দল চালাচ্ছে। অভিজ্ঞতা ছাড়াই সে দুর্দান্ত কাজ করছে আর সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে দলকে। নেতৃত্বটা দুভাগে কেনো করা হবে? বরং ভবিষ্যতের দিকে তাকানোই তো ভাল।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/ওআরপি/১৭৫২ঘ.