ঢাকা, ৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একটা সময় বেশ সক্রিয় ছিল হাই পারফরম্যান্স ইউনিট। যেটার প্রধান ছিলেন রিচার্ড ম্যাকিন্স। অবশ্য গত বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয়ই হয়ে আছে তরুণ ক্রিকেটারদের পরিচর্যার মাধ্যমে তুলে আনার এই প্রজেক্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন আবার সেটাকে সচল করতে চাইছে। এজন্য একজন হাই পারফরম্যান্স ম্যানেজার নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া থেকেই আসছেন নতুন হাই পারফরম্যান্স ম্যানেজার।
তার নাম অ্যালান ক্যাম্পবেল। বর্তমানে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে নিউ সাউথ ওয়েলসের হাই পারফরম্যান্স ম্যানেজার পদে কর্মরত। তার সঙ্গে বিসিবির কথাবার্তা অনেকদূর এগিয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে নিশ্চিত করেছেন গেম ডেভলপমেন্টের ভাইস চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ।
ক্যাম্পবেলের সঙ্গে আলোচনার অগ্রগতি জানাতে গিয়ে ইশতিয়াক বলেছেন, "সাতদিন আগে অ্যালান ক্যাম্পবেলের সঙ্গে আমার সর্বশেষ যোগাযোগ হয়েছে। এটুকুই আপনাদের জানাতে পারি, বাংলাদেশে এসে হাই পারফরম্যান্স ম্যানেজার পদে কাজ করতে তিনি রাজী আছেন। তাছাড়া বাংলাদেশ নিয়ে তার মাঝে বেশ আগ্রহও লক্ষ্য করেছি আমি।"
চুক্তির শর্তাবলী এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় চূড়ান্ত করতে শিগগিরই ক্যাম্পবেল ঢাকায় আসছেন বলেও জানিয়েছেন গেম ডেভলপমেন্টের ভাইস চেয়ারম্যান, "তিনি প্রেজেন্টেশন দিতে ঢাকায় আসবেন বলে নিশ্চিত করেছেন আমাদের। তখনই সব কিছু চূড়ান্ত হবে। তবে তিনি আমাকে জানিয়ে দিয়েছেন ২০ নভেম্বরের আগে তার পক্ষে আসা সম্ভব হবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০২ঘ.
bdnews24