মুম্বাই, ৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক ক্রিকেটে তার খুব বেশি দিন কাটেনি। কিন্তু তিন বছর আগে অভিষিক্ত মহেন্দ্র সিং ধোনি এখন ভারতের ওয়ানডে অধিনায়ক। এবং টেস্ট অধিনায়ক হওয়ার লড়াইয়েও শচীন টেন্ডুলকার ও তিনি এ মুহূর্তে সবচেয়ে এগিয়ে। যদিও গ্রেগ চ্যাপেলের বিশ্বাস টেস্ট অধিনায়ক হওয়ার আরো অন্তত এক বছর প্রয়োজন ধোনির। তবে ভারতের বিতর্কিত সাবেক কোচ যা-ই বলুন না কেন, টেস্টে 'ঝাড়খন্ড-ঝড়'-এর নেতৃত্ব পাওয়া প্রায় নিশ্চিত। কারণ টেন্ডুলকার নিজেই জানিয়ে দিয়েছেন 'ব্যক্তিগত কারণে' আবার অধিনায়ক হওয়ার কোনো ইচ্ছে তার নেই।
অধিনায়ক হিসাবে এখন পর্যন্ত ধোনির রেকর্ডকে খারাপ বলা যাবে না কিছুতেই। তার নেতৃত্বে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৪-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও সোমবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সহজেই ৫ উইকেটে জিতেছে। যে জয়ে ৬৩ রান করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবু গ্রেগ চ্যাপেল মনে করছেন টেস্ট অধিনায়ক হওয়ার জন্য আরো অন্তত এক বছর সময় প্রয়োজন ধোনির। নিউজ চ্যানেল 'টাইমস নাউ' কে সে কথা দৃঢ়তার সঙ্গেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই গ্রেট ব্যাটসম্যান, "সে খেলাটার সীমিত ওভারের ঘরানায় শিক্ষানবীশ পর্যায়ে আছে। আমি মনে করি তিনটি দলের (নেতৃত্বের) জন্য প্রস্তুত হতে তার খুব বেশি দিন লাগবে না। আমার ধারণা আরো ১২ মাস বা তার চেয়ে কিছু সময়ে সম্ভবত সে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।"
এই সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীও চ্যাপেলের সঙ্গে একমত। তার মতে টেস্ট অধিনায়ক হওয়ার চাপ ক্ষতিই করবে ধোনির, "টেস্টে অধিনায়কত্ব ওকে বিরাট চাপের মধ্যে ফেলে দেবে। ভবিষ্যতে সে হয়তো পারবে কিন্তু এখন সে প্রস্তুত নয়।" শাস্ত্রী বরং এজন্য পক্ষ নিয়েছেন শচীন টেন্ডুলকারের। তৃতীয় দফা ভারতের নেতৃত্ব সঁপতে টেন্ডুলকারকেই যোগ্য মনে করছেন এই সাবেক অধিনায়ক।
তবে চ্যাপেল বা শাস্ত্রীর সুপারিশের এখন আসলে কোনো মূল্য থাকছে না। বৃহস্পতিবার মোহালিতে দ্বিতীয় ওয়ানডের পর ঘোষিত হবে নতুন অধিনায়কের নাম। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক হওয়ার লড়াইয়ে এত দিন ধোনির সঙ্গে টেন্ডুলকারের নামই উচ্চারিত হচ্ছিল। কিন্তু মঙ্গলবার 'লিটল জিনিয়াস' নিজেই সরে দাঁড়িয়েছেন সেই লড়াই থেকে। 'সিএনএন-আইবিএন' কে তিনি জানিয়েছেন, "এই মুহূর্তে আমি এসব নিয়ে একদমই ভাবছি না।" এদিকে কলকাতা ভিত্তিক বিখ্যাত দৈনিক 'টেলিগ্রাফ' জানিয়েছে নির্বাচকরা নাকি টেস্টে ধোনির ওপরে আস্থা রাখতেই আগ্রহী। দুয়ে দুয়ে চার মিলে গেলে বৃহস্পতিবার সুখবরটা তার পেয়ে যাওয়ারই কথা।
ভারতের টেস্ট অধিনায়কত্ব নিয়ে এই চাপান-উতোরের মাঝে সদ্য বিদায়ী অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ব্যাট জ্বলে উঠেছে দুর্দান্তভাবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচে মাত্র ৫১ রান করার খেসারত দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পাননি 'দ্য ওয়াল'। মঙ্গলবার মুম্বাইয়ের বিপক্ষে কর্ণাটকের হয়ে ২১৪ রান করে নির্বাচকদের একটা জবাবও দিলেন তিনি। মোহালিতে দ্বিতীয় ওয়ানডে শেষে বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণার সময় দ্রাবিড়কে আবারো বাতিলের তালিকায় রাখা একটু কঠিনই হয়ে গেল ভারতের নির্বাচকদের জন্য!
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/ওআরপি/১৮৫৫ঘ.
bdnews24