ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- এই উপমহাদেশের ক্রিকেটে পাক-ভারত দ্বৈরথের তুলনীয় আর কিছুই নয়। সেখানে দু'পক্ষের অতিমানবীয় কীর্তি থাকে। থাকে স্নায়ুচাপ, ক্রিকেটীয় অনিশ্চয়তা এবং খানিকটা ঐতিহাসিক বৈরিতা। সব অনুষঙ্গ এক হয়ে ম্যাচ ক্ষণে ক্ষণে নিজের গতিপ্রকৃতি পাল্টে নিয়ে দর্শকদের কাছে হাজির হয়েছে মোহনীয় রূপ নিয়ে। সেরকমই ১০ টি পাক-ভারত দ্বৈরথ নির্বাচন করেছে ক্রিকইনফো, সেখান থেকে প্রথম পাচঁটা তুলে ধরা হয়েছে পাঠকদের স্মৃতি রোমান্থনের জন্য।
প্রথম ম্যাচ, চারজাতি কাপ, ১৯৮৫, শারজা
ভারত (১২৫) ৩৮ রানে হারায় পাকিস্তানকে (৮৭) : পুরো ম্যাচে রাজত্ব করেছেন পেস বোলাররা। প্রথমে ইমরান খান শুরু করেন প্রথম বলে রবি শাস্ত্রীকে এলবিডব্লু করে। তারপর এই পাকিস্তানী ফাস্টবোলারের গতি ও সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আরো তিন ভারতীয় ব্যাটসম্যান। মাত্র ১২৬ রানে ভারতকে অলাউট করার পর পাকিস্তান জয়ের স্বপ্ন দেখতেই পারে। ১৩ রানের মাথায় ১ উইকেট হারালেও ওই লক্ষ্যে পৌঁছুতে তাদের তেমন সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু হয়েছে, ৩৫ রানে গিয়ে যখন মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। ৬ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। তারপর ৮৫ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটলেও ৮৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। কপিল দেব সুইং বোলিংয়ের চমৎকার প্রদর্শনী দেখিয়েছেন ১৭ রানে ৩ উইকেট নিয়ে। এর আগে অবশ্য ব্যাট হাতে ৩০ রান করে জেতার কাজটা একটু এগিয়ে রাখেন এই অলরাউন্ডার।
ফাইনাল, অস্ট্রেলেশিয়া কাপ ১৯৮৬, শারজা
পাকিস্তান (২৪৮/৯) ১ উইকেটে হারায় ভারতকে (২৪৫/৭) : পাক-ভারত লড়াইয়ে সম্ভবত সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ হিসেবে স্মরণ করে দুদেশের ক্রিকেটপ্রেমীরা। কারণ এই ম্যাচে উত্তেজনার সব আবাহই বজায় ছিল আগাগোড়া। ভারতীয় ইনিংসে শ্রীকান্তের আগ্রাসী ব্যাটিং, গাভাস্কারের ৯২ রান এবং শেষেরদিকে ইমরান-আকরামের বোলিংয়ে ভারতের স্কোর ২৪৫ রানে বাঁধা পড়ে যায়। পাকিস্তানের তরফে লড়ে যান একা জাভেদ মিয়াঁদাদ; তার দুর্দান্ত সেঞ্চুরি এবং চেতন শর্মার শেষ বলটি বাউন্ডারির ওপারে আছড়ে ফেলে শেষ উইকেটে দারুন এক জয় উপহার দেন পাকিস্তানকে। তাই ম্যাচ শেষে সেদিন বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়েছিলেন এই পাকিস্তানী গ্রেট।
দ্বিতীয় ওয়ানডে, পাকিস্তানর ভারত সফর ১৯৮৭, কলকাতা
পাকিস্তান (২৪১/৮) ২ উইকেটে হারায় ভারতকে (২৩৮/৬) : ম্যাচটি ভারতীয় দর্শকদের জন্য একটি যন্ত্রণার স্মৃতি হয়েই থাকবে। শ্রীকান্তের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত সম্মানজনক স্কোর গড়ার পর পাকিস্তানের ১৭৪ রানে ৬ উইকেট হারিয়েও যখন ম্যাচ জিতে যায় তখন সত্যি এই পরাজয় মেনে নেওয়া কষ্টকর। জেতার জন্য যখন ওভারে ১০ রানেরও বেশি দরকার সাত নম্বরে নেমে সেলিম মালিক ৩৬ বলে ৭২ রান করে ম্যাচ জিতিযে দেন। কপিল দেবের এক ওভারে ৫টি বাউন্ডারিসহ মোট ১১টি চার ও একটি ছয় আছে মালিকের এই ম্যাচ জেতানো ইনিংসে।
কোয়ার্টার ফাইনাল, বিশ্বকাপ ১৯৯৬, ব্যাঙ্গালোর
ভারত (২৮৭/৮) ৩৯ রানে হারায় পাকিস্তানকে (২৪৮/৯) : নভজ্যোৎ সিং সিধুর ৯৩ রান ও অজয় জাদেজার ২৫ বলে দুর্দান্ত ৪৫ রানের সুবাদে ২৮৭ রান তুলে ভারতীয়রা নিজেদের দিকেই ঘুরিয়ে নেয় ম্যাচের ভাগ্য। পাকিস্তানও উড়ন্ত সূচনা করে সাঈদ আনোয়ার ও আমির সোহেলের ঝড়ো ব্যাটিংয়ে। কিন্তু সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সোহেল নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসার পর বাকিরা আর পারেননি চাপ সামলে খেলতে। পারেননি উইকেটে থেকে হিসেব কষে রান তুলতে। চাপের মুখে আত্মসমর্পন করেছেন ৩ উইকেট করে নেওয়া অনিল কুম্বলে ও প্রসাদের কাছে।
সাহারা কাপ ১৯৯৬, টরন্টো
পাকিস্তান (২৬৬/৮) ২ উইকেটে হারায় ভারতকে (২৬৪/৬) : নিজেদের বোলারদের ওপর ভরসা রেখে টস জিতে ব্যাটিং নিয়েই বিপদে পড়ে পাকিস্তান। একেবারেই নির্বিষ হয়ে পড়েন পাকিস্তানের দুই ডব্লু--ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। তাই তৃতীয় উইকেটে রাহুল দ্রাবিড় ও আজহারউদ্দিনের ১৬১ রান যোগ করতে এতটুকু সমস্যা হয়নি। অজয় জাদেজাও চড়াও হন ইনিংসের শেষেরদিকে। একইভাবে জবাব দিতে শুরু করে পাকিস্তানও। কৃতিত্বটা বেশি সাঈদ আনেয়ারের ৭৮ বলে ৮০ রানের ইনিংসটির। অন্যপ্রান্ত থেকে উইকেট পতন অব্যাহত থাকায় ২২১ রান তুলতেই পাকিস্তান ৮ উইকেট হারিয়ে বসে। স্বাভাবিকভাবেই ততক্ষণে ভারতীয়দের জয়োৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে চারদিকে। তাদেরকে দুঃস্বপ্ন ডুবিয়ে দিয়ে সেলিম মালিক (অপরাজিত ৭০) সাকলাইন মুশতাককে (অপরাজিত ১১) সঙ্গে নিয়ে জয়োৎসবটা উপহার দেন পাকিস্তানী সমর্থকদের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২২১৮ঘ.
bdnews24