ঢাকা, ৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনে কোনো বলই মাঠে গড়ায়নি। তবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের চা বিরতির সময় স্কোরবোর্ডে খুলনার যা অবস্থা ছিল, তাতে বড়ো সংগ্রহের আশা করতেই পারতো তারা। তখন স্কোর ৩ উইকেটে ১৭২। চলতি জাতীয় লিগের দীর্ঘ পরিসরের ম্যাচের দ্বিতীয় সেঞ্চুরিয়ান ইমরুল কায়েসও ঠিক ১০০ রানে অপরাজিত। এই অবস্থা থেকে দিনের শেষ সেশনে ভোজবাজির মতো পাল্টে গেল সব। সিলেটের এনামুল হক জুনিয়রের ঘূর্নিজাদুতে ২৭৪ রানেই অলআউট হাবিবুল বাশারের খুলনা। ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। জবাবে সিলেট কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৬ রান। আর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগেরদিন ঢাকাকে মাত্র ১৫৭ রানে গুটিয়ে দেওয়া বরিশাল ধীরগতির ব্যাটিং করলেও সুবিধাজনক অবস্থাতেই পৌছে গেছে। দ্বিতীয় দিনের শেষে তাদের রান ৪ উইকেটে ২১৫, লিড ৫৮ রানের। ওদিকে আগের রাতের বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে চট্টগ্রাম-রাজশাহীর দ্বিতীয় দিনের খেলা হতে পারেনি। স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে রাজশাহী প্রথম দিন শেষ করেছিল ৯ উইকেটে ১৯১ রান তুলে।
ফতুল্লায় টস সিলেট অধিনায়ক রাজিন সালেহ টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর পর শুরু থেকেই খুলনার ব্যাটিংয়ে ছিল বড়ো সংগ্রহের ইঙ্গিত। ওপনার নাহিদুল হককে (১৬) দ্রুত হারালেও সেঞ্চুরিয়ান ইমরুল ও হাবিবুল বাশার মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৮৭ রান। হাবিবুলকে (৩৩) অলক কাপালির ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙ্গেন এনামুল জুনিয়র। তুষার ইমরানও (১০) বেশিক্ষণ টিকতে পারেননি। চা-বিরতির আগেই সেঞ্চুরি পুরো করে ফেলা ইমরুলকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে শেষ বিকেলের চমক দেখানো শুরু করেন এনামুল। অবশ্য ইমরুল চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার সময়ও মনে হয়নি যে এতো অল্পতে গুটিয়ে যাবে খুলনা। তখন তাদের রান ২২২। আর ততোক্ষণে তার সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে ফেলা সাকিব আল হাসানও উইকেটে থিতু হয়ে গেছেন। ২০৮ বলে ইমরুলের ১২৭ রানের ইনিংসটা সাজানো ছিল ১৬ বাউন্ডারি ও দুটো ছক্কা দিয়ে। তার বিদায়ের পর খুলনার ইনিংস যিনি সাজাতে পারতেন সেই সাকিবও (৫৯) এনামুলের শিকার।
তবে মিরপুরে সিলেটের মতো প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি ঢাকা। এক্ষেত্রে বরিশালের সাবধানী ব্যাটিংয়ের বড়ো ভূমিকা। এই যেমন আগের দিনের বিনা উইকেটে ২৭ রানের সঙ্গে দ্বিতীয় দিনের প্রথম ঘন্টায় যোগ করেছে মাত্র ২০ রান! অধিনায়ক শাহরিয়ার নাফীসকে (৩৩) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে হান্নান সরকারের সঙ্গে তার ৬৩ রানের ওপেনিং জুটি ভাঙ্গেন বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। সেখান থেকে ইমরান আহমেদকে (৩৫) নিয়ে আরো ৬৯ রান যোগ করা হান্নান এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু পেসার মোহাম্মদ শরীফের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে তিনি কতোটা ধৈর্য্যরে পরিচয় দিয়েছেন, সেটা তার ব্যাটিং পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে। ৮৫ রান করতে তিনি উইকেটে ছিলেন ৩৫৯ মিনিট, মানে ছয় ঘন্টা। বল খেলেছেন ২৭৩ অথচ বাউন্ডারি মাত্র চারটি!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০১৫ঘ.
bdnews24