সিডনি, ৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার সবচেয়ে ওপরে তাদের দু জনের নাম। দু জনের প্রতিদ্বন্দ্বিতাও অন্য মাত্রা স্পর্শ করেছে বহু দিন আগে থেকে। সর্বকালের সেরা দুই স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের নাম এখন অন্য একটি কারণেও এক সঙ্গে উচ্চারিত হবে। শনিবার 'ক্রিকেট অস্ট্রেলিয়া' জানিয়েছে, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ট্রফির নাম এখন থেকে ওয়ার্ন-মুরালি ট্রফি। ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের বিজয়ীরা এই ট্রফি পাবে।
১৯৮২তে শ্রীলঙ্কার টেস্ট অভিষেক হয়েছিল। পরের বছরের এপ্রিলে ক্যান্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল শ্রীলঙ্কা। দু দলের টেস্ট-দ্বৈরথের ২৫তম বার্ষিকী ওয়ার্ন ও মুরালির নামাঙ্কিত ট্রফি দিয়েই উদযাপন করতে চায় অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আগামী ১৬ নভেম্বর হোবার্টে দ্বিতীয় টেস্ট শুরুর ঠিক আগে ট্রফিটা উন্মোচন করবেন ওয়ার্ন ও মুরালিই।
আর মাত্র ৯ উইকেট পেলে ওয়ার্নকে পেছনে ফেলে মুরালি হবেন টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক। ওয়ার্নের দেশেই রেকর্ডটা নিজের করে নিতে সর্বকালের সেরা অফস্পিনার রীতিমতো মুখিয়ে আছেন। মুরালি অর্জনটা মুঠোবন্দী করতে পারেন কি না তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওয়ার্ন নিজেও। ঠিক এমন সময়ে দু জনের নামে ট্রফি ঘোষিত হওয়ায় তিনি দারুণ আনন্দিত। সেই সঙ্গে 'ওয়ার্নি'র আশাবাদ ট্রফিটা নিজেদের ঘরেই রেখে দিতে পারবে তার সাবেক সতীর্থরা, "অতীতে আমাদের মধ্যে দারুণ কিছু লড়াই হয়েছিল। একে অন্যের খেলা ওপরে ওঠানোর জন্য দারুণ সাহায্যও করেছি আমরা। গত এক দশকে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার দ্বৈরথ অনেক উঁচুতে উঠেছে। আমি জানি লড়াইয়ের সময় আমার সাবেক অস্ট্রেলীয় সতীর্থরা প্রথম দেশ হিসাবে এই ট্রফি জয়ের জন্য দারুণ আগ্রহী থাকবে।"
এদিকে শনিবার একটা দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। কনুইয়ের ইনজুরি থেকে সেরে না ওঠায় প্রথম টেস্টে খেলতে পারবেন না শন টেইট। তার জায়গায় ১৩ সদস্যের দলে এসেছেন বেন হিলফেনহস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২৫ঘ.
bdnews24