২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫৭ রানেই অলআউট ঢাকা, ধুকছে রাজশাহীও

শুক্রবারের সকালটা দেখে পুরো দিনের চরিত্র ধরতে গিয়ে বিপাকে পড়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকার অধিনায়ক ধারণা করেছিলেন, "সকালে একটু মেঘলা ছিল। ভেবেছিলাম ঘন্টাখানেক পর রোদ উঠবে, উইকেট ব্যাটিং-সহায়ক হয়ে যাবে।" কিন্তু হয়নি, তাই টস জিতে আশরাফুলের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠা বরিশালের বোলারদের তোপের মুখে মাত্র ১৫৭ রানে শেষ হয়ে যায় ঢাকার ইনিংস। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামেও টস জয়ী রাজশাহী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তেমন সুবিধা করতে পারেনি। স্বাগতিক দলের বিপক্ষে অতিথিরা ৯ উইকেটে মাত্র ১৯১ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে। ওদিকে সিলেট-খুলনা ম্যাচ মাঠেই গড়াতে পারেনি মাঠ ভেজা থাকায়। সকালের বৃষ্টি নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামকে খেলার অনুপযুক্ত করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শুক্রবারের সকালটা দেখে পুরো দিনের চরিত্র ধরতে গিয়ে বিপাকে পড়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকার অধিনায়ক ধারণা করেছিলেন, "সকালে একটু মেঘলা ছিল। ভেবেছিলাম ঘন্টাখানেক পর রোদ উঠবে, উইকেট ব্যাটিং-সহায়ক হয়ে যাবে।" কিন্তু হয়নি, তাই টস জিতে আশরাফুলের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠা বরিশালের বোলারদের তোপের মুখে মাত্র ১৫৭ রানে শেষ হয়ে যায় ঢাকার ইনিংস। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামেও টস জয়ী রাজশাহী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তেমন সুবিধা করতে পারেনি। স্বাগতিক দলের বিপক্ষে অতিথিরা ৯ উইকেটে মাত্র ১৯১ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে। ওদিকে সিলেট-খুলনা ম্যাচ মাঠেই গড়াতে পারেনি মাঠ ভেজা থাকায়। সকালের বৃষ্টি নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামকে খেলার অনুপযুক্ত করে দেয়। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই উইকেট চলে যায় বোলারদের পক্ষে। সুবাদে ভয়ঙ্কর হয়ে ওঠেন সাজিদুল ইসলাম। বরিশালের এই বাঁহাতি পেসার ৪ উইকেট নিয়ে ভেঙ্গে দিয়েছেন ঢাকার ব্যাটিং মেরুদন্ড। তাতে অবদান আছে ২ উইকেট নেওয়া আরাফাত সালাউদ্দিনেরও। যে কারণে ঘরের মাঠে ঢাকার নামি-দামি ব্যাটসম্যানদের কেউ সুবিধা করতে পারেননি। মেহরাব জুনিয়রের সর্বোচ্চ ৪৯ রানের পরে আছে জাভেদ ওমরের ৩৩ রান। ১৭ রান করে অধিনায়ক আশরাফুল হয়েছেন তৃতীয় সর্বোচ্চ স্কোরার। মাত্র ৬৩ দশমিক ১ ওভারে ১৫৭ রানে ঢাকার ইনিংস শেষ হয়ে যাওয়ার পর দিনের বাকি সময়টা দেখে-শুনেই পার করে দিয়েছে বরিশাল । ১৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করেছে তারা। ব্যাটিং করছেন দুই ওপেনার শাহরিয়ার নাফীস (১৯) ও হান্নান সরকার (৬)। অবশ্য দ্বিতীয় দিনের জন্য হুমকি দিয়ে রেখেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, "এই উইকেটে ১৫৭ রান মোটেও খারাপ স্কোর নয়। তাদের ১৭০ রানে আটকে রাখাই আমাদের টার্গেট।" চট্টগ্রামেও টস জিতে ব্যাটিং নিয়ে বিপাকে পড়েছে রাজশাহী। তবে জুনায়েদের ৭৮ রানের ইনিংসের কল্যাণে ঢাকার মতো ভরাডুবি হয়নি তাদের । তার সঙ্গে জহিরুল (৩২) ও খালেদ মাসুদের (১৮) ছোটখাটো সংগ্রহ যোগ হয়ে রাজশাহী ৯ উইকেটে ১৯১ রান তুলে প্রথম দিন শেষ করেছে। চট্টগ্রামের পেসার তারেক আজিজ ৩৮ রানে ৪ উইকেট নিয়ে রাজশাহীর স্কোরটাকে বড় হতে দেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯১৯ঘ.