ঢাকা, ৩০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এমনিতে কোনো অনিশ্চয়তাই ছিল না তাকে নিয়ে। তবু কিছূদিন আগে গ্রাহাম ফোর্ডের রেখে যাওয়া উদাহরণের কারণেই চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত জেমি সিডন্সকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কোচ বলায় আপত্তি ছিল অনেকের। ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের জাতীয় দলের কোচ হিসেবে ফোর্ডের নাম ঘোষণা করার পরও তিনি চাকরিটা করতে তার অপারগতার কথা জানান। সিডন্সের ক্ষেত্রে তেমন কিছু ঘটার সম্ভাবনা ছিল না। থাকলে মঙ্গলবার সকাল থেকে বিসিবির কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে অভিজাত এলাকাগুলোতে নিজের পছন্দের ফ্ল্যাট খুঁজতে বেরুতেন না। তবে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা বাকি ছিল। সেটা মঙ্গলবার রাত সাড়ে সাতটায় সেরে নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পাকাপাকি করেছেন অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের পদ ছেড়ে আসা সিডন্স।
বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, "আজ সাড়ে সাতটায় সমস্ত আনুষ্ঠানিকতা সেরে ফেলেছি আমরা। চুক্তিতে বোর্ডের পক্ষ থেকে সই করেছেন ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান সৈয়দ ফাহিম মুনেম। এসময়ে আরো উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য লে. কর্নেল (অব.) এমএ লতিফ এবং গাজী আশরাফ লিপু।" সিডন্সের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ববি। যা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24