ঢাকা,২৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরিশালের বিপক্ষে রাজশাহীর জেতার আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল শুধু। সোমবার সকালেই সেই আনুষ্ঠানিকতাটা তারা সেরে ফেলেছে ৮ উইকেটের জয় দিয়ে। আর খুলনার বিপক্ষে শেষদিনে চট্টগ্রামের দরকার ছিল ৩৪২। খুলনার প্রয়োজন ছিল তাদের সবগুলো উইকেট। দুটোর কোনোটাই হয়নি। ম্যাচটি তাই ড্র হয়েছে। সিলেটের বিপক্ষে ম্যাচটি আগের দিনই ১ ইনিংস ও ৩৪ রানে জিতে নিয়েছে ঢাকা।
রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটিতে সকালে আগের দিনের রানের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করে শেষ উইকেটটি হারায় বরিশাল। কাজেই রাজশাহীর জয়ের জন্য দরকার পড়ে ৯ রান। কিন্তু সেটার জন্যও তাদের হারাতে হয়েছে ২ উইকেট। বরিশালের দুই পেসার তালহা ও সাজিদ একটি করে উইকেট নিয়ে জেতার আগে রাজশাহীর ব্যাটসম্যানদের ভোগান্তি উপহার দিয়েছেন খানিকটা। রাজশাহীর এটা টানা দ্বিতীয় জয়, আগের ম্যাচে তারা হারিয়েছিল সিলেটকে। আর বরিশাল তাদের প্রথম ম্যাচে জিতেছিল চট্টগ্রামের বিপক্ষে।
চারদিনের ম্যাচের শেষদিনে ৩৪২ রান করা প্রায় অসম্ভব একটা টার্গেট। এরকম বড় টার্গেটের পিছু ধাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়ায় ব্যাটিং বিপর্যয়ও ঘটতে পারে। তাই তারা শুরু করেছিল খুব সতর্ক ভঙ্গিতে। লাঞ্চ পর্যন্ত তারা তুলে ২ উইকেটে ৭৭ রান। টি পর্যন্ত রানটা ৩ উইকেটে ১৫২ রানে উন্নীত হলে মোটামুটি নিশ্চিত হয়ে যায় ড্র হচ্ছে ম্যাচটি। টি'র পর আরও ৪ উইকেট পড়লেও তাতে ম্যাচের ফল প্রভাবিত হয়নি। ঢাকার সঙ্গে আগের ম্যাচ ড্র করা খুলনার এটা টানা দ্বিতীয় ড্র।
চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছেন তামিম ইকবাল। ১৬৬ বলে ৯টি বাউন্ডারি ও দুটো ছক্কাসহ খেলা তার এই ইনিংসের পর নাজিমউদ্দিন ও ফয়সালের পরিস্থিতির দাবি মেটানো ইনিংস দুটো নিশ্চিত করে চট্টগ্রামের ম্যাচ বাঁচানো। ১৯৭ বলে ৮টি বাউন্ডারিসহ ৫৬ রান করেছেন নাজিমউদ্দিন। ৭২ বলে ৪৮ রান করেছেন ফয়সাল, তাতে বাউন্ডারি ছিল ৭টি।
জাতীয় দলের দুই পেসার মাশরাফি ও রাসেল দুটো করে উইকেট নিয়েছেন যথাক্রমে ৬৭ ও ৫৯ রানে। স্পিনার রাজ্জাক শুধু দুই উইকেটই নেননি, তার ফিগারটাই বলে দিচ্ছে চট্টগ্রামের ব্যাটসম্যানরা কতোটা সমীহ করেছে তাকে। ১২ ওভার বল করে মাত্র ২০ রান দিয়েছেন তিনি, যার মধ্যে মেডেনই ছিল ৭টি। অন্য উইকেটটি নিয়েছেন আরেক স্পিনার সাকিব আল হাসান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৮৪০ঘ.
bdnews24