ব্রিসবেন, ২৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই তার অভিজ্ঞতা ভাল নয়। চাকিংয়ের অভিযোগে আম্পায়াররা 'নো' তো ডেকেছেনই, অস্ট্রেলিয়া সফরে দর্শকরাও কম জ্বালাতন করেনি মুত্তিয়া মুরালিধরনকে। 'চাকার', 'নো বল' ইত্যাদি বিদ্রুপধ্বনি শুনে ক্ষুব্ধ, বিরক্ত মুরালি বিশ্বসেরাদের দেশে আগের সফরটা বয়কট পর্যন্ত করেছিলেন। এবারও একই আশঙ্কা নিয়ে দলের সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছেন তিনি। তবে আশঙ্কা থাকলেও সে দেশের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে মুরালিকে রক্ষা করার জন্য কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে না।
শেন ওয়ার্নকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক হতে আর মাত্র ৯টি উইকেট প্রয়োজন। অস্ট্রেলিয়ার সঙ্গে দুই টেস্টের সিরিজেই হয়তো রেকর্ডটা নিজের করে নেবেন মুরালি। সেজন্য আশঙ্কা করা হচ্ছে এবার আরো বেশি বিরূপ অভ্যর্থনা (!) পাবেন সর্বকালের সেরা অফস্পিনার। সেজন্য অনেকেই আশা করেছিলেন এবার হয়তো 'অভদ্র' দর্শকদের হাত থেকে রক্ষা করার জন্য অস্ট্রেলিয়া কোনো ব্যবস্থা নেবে। কিন্তু সে আশা পূরণ হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার জনসংযোগ ম্যানেজার পিটার ইয়াং জানিয়েছেন, "মুরালিধরনকে রক্ষা করার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেয়া হবে না। তবে আমাদের ক্রিকেটে যে জাতীয়ভাবে এক ধরনের পরিবার-বান্ধব পরিবেশ আছে তা নিশ্চিত করতে হবে। আর তার অংশ হিসাবে দর্শকদের মধ্যে সাদা পোশাকের নিরাপত্তারক্ষী রাখবো আমরা।"
এদিকে সনাৎ জয়াসুরিয়া জানিয়েছেন দুই টেস্টের সিরিজে অস্ট্রেলীয় পেসারদের শর্ট বলের মোকাবিলা করতে তারা প্রস্তুত। অস্ট্রেলিয়ায় আগের সফরগুলোতেও এই প্রসঙ্গে অনেক কথা শুনেছিলেন। এবারও একই কথা কানে আসায় 'মাতারা হারিকেন' বেশ বিরক্তই, "যখনই আমরা অস্ট্রেলিয়ায় আসি তখনই আমাদের এ সব কথা শুনতে হয়। তাই আমাদের এটাকে এড়িয়ে যেতে হবে এবং প্র্যাকটিসে যা করেছি সেটাই করতে হবে। মারার মতো শর্ট বল এলে ইতিবাচক ক্রিকেটই আমরা খেলবো।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৩ ঘ.
bdnews24