ঢাকা, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ব্যাটিংয়ের সময় ঢাকার প্রতিপক্ষ আসলে খুলনা ছিল না। খুলনার ২৪০ রান তাড়া করতে নামলেও তাদের মুখোমুখি হতে হয়েছে জাতীয় দলের পুরো বোলিং লাইনআপটার। মাশরাফি বিন মর্তুজা, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক এবং সাকিব আল হাসান। ঢাকার ইনিংস ২০১ রানে শেষ করে দেওয়ার পথে একটি রানআউট বাদ দিলে বাকি নয়টি উইকেটের সবক'টিই পেয়েছেন প্রথমোক্ত তিনজন। তাই খুলনার ৩৯ রানের জয়কে জাতীয় দলের জয়ও বলা যায়!
মজার ব্যাপার হচ্ছে খুলনা অধিনায়ক হাবিবুল বাশারও তাই মনে করেন। মঙ্গলবার শেষ বিকেলের আলোয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছিলেন, "আমাদের এই চারজন বোলার ওয়ানডেতে জাতীয় দলের হয়ে ৪০ ওভার বল করে। জিয়াও (টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকা পেসার জিয়াউর রহমান) কিছুদিন আগে বাংলাদেশ দলে এসেছে। জাতীয় দলের পুরো বোলিং লাইনটাই তো আমাদের।"
আবার ব্যাটিংয়েও খুলনাকে ২৪০ রানে পৌছে দিতে জাতীয় দলের ক্রিকেটাররাও রেখেছেন বড়ো ভূমিকা। তবে 'অ্যাঙ্কর'এর দায়িত্বটা পালন করেছেন ওপেনার ইমরুল কায়েস। চারদিনের ম্যাচে মিরপুরের উইকেট নিয়ে অভিযোগ ছিল দু'দুলের ক্রিকেটারদেরই। কিন্তু জাতীয় লিগের ওয়ানডে শুরুর দিনে তা করছেন না হাবিবুল, "আজ উইকেট কিন্তু খারাপ ছিল না। আমি বেশিক্ষণ ছিলাম না। তবে যতোক্ষণ ছিলাম বল ব্যাটে আসছিল। স্ট্রোক খেলা যাচ্ছিল। ছক্কা-টক্কাও তো এই ম্যাচে হয়েছে অনেক।" হাবিবুল নিজেও লংঅন দিয়ে মোহাম্মদ আশরাফুলকে উঁড়িয়ে মেরেছেন। তবে রান করেছেন মাত্র ১৭। অবশ্য তাকে উদ্বেগাকুল হতে হয়নি কখনোই।
কারণ টস জিতে আগে ব্যাটিংয়ে নামার পর তার মুখে হাসিই ফোটাচ্ছিলেন অন্য ওপেনার নাজমুস সাদাতকে নিয়ে ইমরুল। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। রান আউটে সাদাতের (২০) ইনিংস শেষ হওয়ার পর দ্রুত সাজঘরমুখী হন তুষার ইমরানও (৪)। কিন্তু সেখান থেকেই আবার সাকিব আল হাসানের সঙ্গে ৭০ রানের আরেকটা পার্টনারশিপ গড়ে ফেলেন ইমরুল। তিন বাউন্ডারি ও দুটো ছক্কায় ১২১ বলে তার ৭১ রানের ইনিংসটা শেষ হয় আশরাফুলের বলে ডিপ মিডউইকেটে নাজমুল হোসেন মিলনের এক দুর্দান্ত ক্যাচে। হাবিবুলের মতো সাকিবও (৫৬) মোহাম্মদ রফিকের (২/৬০) বলে বোল্ড হওয়ার আগে ফিফটি করে গেছেন। শেষদিকে জাতীয় দলের বোলারদের ব্যাটিং কীর্তিই খুলনাকে ৮ উইকেট হারিয়ে আড়াইশোর কাছাকাছি নিয়ে যায়। দুই ছক্কায় ২৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলা মাশরাফির পর সদ্যই জাতীয় দলে নাম লেখানো জিয়ার ১২ বলে ১৬ রানের ইনিংসটার কথাও উল্লেখ করতে হয়।
এরপর তো জাতীয় দলের বোলারদের গল্প। বাংলাদেশ দলের মতো এখানেও মাশরাফির নতুন বলের পার্টনার রাসেল নিজের প্রথম ও দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন প্রতিপক্ষের দুই ওপেনার আল-শাহরিয়ার (১) ও জাভেদ ওমরকে (৩)। আর মাশরাফি তার তৃতীয় ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ঢাকার ব্যাটিং মেরুদন্ড আশরাফুলকে (১)। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ঢাকাকে টেনে তুলছিলেন মোশাররফ হোসেন রুবেল ও মেহরাব হোসেন জুনিয়র। কিন্তু তাদের ৪৭ রানের পার্টনারশিপও ভাঙ্গেন রাসেল।
এরপর অবশ্য রুবেল ও মাহমুদুল্লাহ রিয়াদের ১০১ রানের পঞ্চম উইকেট জুটি চিন্তাতেই ফেলে দিয়েছিল খুলনাকে। সুইপ করতে যাওয়া রুবেলকে শর্ট ফাইন লেগে সাকিবের ক্যাচ বানিয়ে দলকে স্বস্তি দেন রাজ্জাক। ১১৪ বলে রুবেলের ম্যাচ সর্বোচ্চ ৭২ রান বিফলে গেছে, তখনই বলা যাচ্ছিল না। কারণ কভারে দুইবার হাবিবুলের হাতে জীবন ফিরে পাওয়া রিয়াদ তখনো উইকেটে ছিলেন। কিন্তু রুবেলের বিদায়ের পরের ৫ ওভারের মধ্যেই ঢাকার সব সম্ভাবনা শেষ করে দেন মাশরাফি-রাসেল।
প্রথমে মাশরাফি পরপর দুই ওভারে তুলে নেন সাজ্জাদ কাদির (০) ও বিগ শটে পারদর্শী নাজমুল হোসেন মিলনকে (২)। আর রাসেল একই ওভারে রফিক (৭) ও শরীফকে (০) শিকার বানিয়ে চলতি জাতীয় লিগের ওয়ানডেতে প্রথম ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়েন। তিনি ১০ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নিলেও মুগ্ধতা কম ছড়াননি মাশরাফিও। ৮ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পথে তার বোলিংয়ের গতিও নজর কেড়েছে হাবিবুলের। শিকারসংখ্যা কম বেশি হলেও তাই ম্যাচ রেফারি হেমায়েত সিদ্দিকীর বিবেচনায় ম্যাচ সেরার পুরস্কার যৌথভাবে পেয়েছেন ওয়ানডেতে জাতীয় দলের দুই নতুন বলের বোলারই।
তারা ১৭৯ রানে ঢাকাকে ৯ উইকেট হারানো দলে পরিণত করার পর রিয়াদ হয়ে পড়েছিলেন নিঃসঙ্গ যোদ্ধা। রানআউটের মাধ্যমে তার ৬৫ রানের ইনিংসটির পাশাপাশি ৩১ বল বাকি থাকতে শেষ হয় ঢাকার ইনিংসও। মজার ব্যাপার এই ম্যাচের প্রথম উইকেটটিও পড়েছিল রানআউটেই (সাদাত)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩৫ঘ.
bdnews24