চেন্নাই, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটু ঝুঁকিই নিয়ে ফেললেন কপিল দেব ও তার সতীর্থরা। পাকিস্তানের ভারত সফরের ঠিক মাঝখানে ভারতীয় ক্রিকেট লিগ (আইসিএল) আয়োজনের ঘোষণা দিলেন তারা। ভারত ও পাকিস্তানের শেষ টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। তার ঠিক ৮ দিন আগে অর্থাৎ ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত আইসিএল। মঙ্গলবার চেন্নাইয়ে আইসিএল নির্বাহী বোর্ডের মিটিংয়ে এই ঘোষণা দেয়া হয়েছে।
টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের এই 'বিদ্রোহী' লিগে ম্যাচ হবে ২০টি। ১৬ ডিসেম্বর ফাইনালের আগে তৃতীয় ও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচও হবে। টুর্নামেন্টের প্রাইজ মানি ১০ লাখ মার্কিন ডলার। যদিও আইসিএল-এর ভেন্যুটা তেমন উল্লেখ করার মতো কিছু নয়। চন্ডীগড়ের পানচুকলায় অবস্থিত তাউ দেবীলাল ক্রিকেট স্টেডিয়ামের মতো একটা অগুরুত্বপূর্ণ ভেন্যুতে সবগুলো ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছেন আইসিএল কর্মকর্তারা।
একেতো ভারত-পাকিস্তান সিরিজের মাঝখানে! তার ওপরে নিতান্তই অপরিচিত এক মাঠে আয়োজন। তবু গত কয়েক মাস ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় আইসিএল-এর সাফল্য নিয়ে আশাবাদী ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল। মঙ্গলবার আইসিএল-এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যানের কণ্ঠে আশাবাদের সঙ্গে সঙ্গে প্রতিধ্বনিত হল আত্মবিশ্বাসও, "প্রতিশ্র"তি অনুযায়ী আগামী মাসের শেষ থেকে চন্ডীগড়ে অনুষ্ঠিত হবে আইসিএল টুয়েন্টি টুয়েন্টি ভারতীয় চ্যাম্পিয়নশিপ। ভারতীয় দর্শকদের একটি রোমাঞ্চকর টুর্নামেন্ট উপহার দিতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমি আত্মবিশ্বাসী, এই দেশের মানুষ প্রথম বারের মতো একটি সম্পূর্ণ পেশাদার ও সংগঠিত ক্রিকেট প্রদর্শনী দেখতে পাবে।"
নিঃসন্দেহে সেই প্রদর্শনীর সবচেয়ে আলোচিত নাম ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক লারাই সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে যোগ দেন আইসিএল-এ। এর পর তার পথ অনুসরণ করেন ইমরান ফারহাত, আব্দুল রাজ্জাক, ল্যান্স ক্লুজনার, নিকি বোয়ে, ড্যামিয়েন মার্টিন, দীপ দাশগুপ্ত, দীনেশ মঙ্গিয়ারা। ইনজামাম-উল হক ও মোহাম্মদ ইউসুফ যোগ দিলেও পরে চুক্তি ছিন্ন করেন আইসিএল-এর সঙ্গে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪০ঘ.
bdnews24