২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমস ১০ মাস পেছানোর পরিকল্পনা

২০০৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা একাদশ এসএ গেমস। কিন্তু কথা থাকলেও খুব সম্ভব সেটা পিছিয়ে যাচ্ছে ১০ মাস। এখনকার পরিকল্পনা ২০০৯ সালের ডিসেম্বরে এই ক্রীড়ানুষ্ঠানটি আয়োজনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, ২২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা একাদশ এসএ গেমস। কিন্তু কথা থাকলেও খুব সম্ভব সেটা পিছিয়ে যাচ্ছে ১০ মাস। এখনকার পরিকল্পনা ২০০৯ সালের ডিসেম্বরে এই ক্রীড়ানুষ্ঠানটি আয়োজনের। ''জানুয়ারি ২০০৯-এর পরিবর্তে একই বছরের ডিসেম্বরে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা করছি আমরা। কারণ জানুয়ারিতে সবমিলিয়ে খুব ব্যস্ত একটা সময় কাটাবে বাংলাদেশ''--জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, যিনি একইসঙ্গে এসএ গেমস ওয়ার্কিং কমিটিরও মহাসচিব। বিওএ মহাসচিব যদিও নির্বাচনজনিত ব্যস্ততাকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন, কিন্তু অনেকে মনে করেন এর পেছনে অর্থনৈতিক কারণও আছে। গত মাসে বিকেএসপিতে স্পেশাল অলিম্পিকের বাংলাদেশ দলের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার সময় ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী জানিয়েছিলেন, এসএ গেমসের জন্য অর্থের যোগান দেয়াটা সরকারের জন্য বড় একটা চাপের বিষয় হবে। প্রসঙ্গত, এসএ গেমসের প্রস্তাবিত বাজেট ৮৯ কোটি টাকা। পেছানোর এই পরিকল্পনাটা আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য অংশগ্রহনকারী দলগুলোর সভায়। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন কুতুবউদ্দিন,''ডিসেম্বরে ঢাকায় অংশগ্রহনকারী দলগুলোর সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেখানে একইসঙ্গে প্রতিযোগিতার খেলাগুলোর নামও চূড়ান্ত করা হবে।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১০০ঘ.