২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ নয়, অস্ট্রেলীয়দের চিন্তা দর্শকদের নিয়ে

ওয়ানডে সিরিজে জয় পেতে সমস্যা হয়নি। শনিবার টুয়েন্টি টুয়েন্টি ম্যাচটাতে তাই বেশ নির্ভার থাকারই কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু রিকি পন্টিংকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না গত কয়েক দিন ধরে চলা অনাকাক্সিক্ষত ঘটনা। অ্যান্ড্রু সাইমন্ডস দুটো ম্যাচে দর্শকদের বিরূপ আচরণের শিকার হওয়ায় পন্টিং বেশ উদ্বিগ্ন। তারপরও তিনি আশা করছেন সফরের শেষ ম্যাচে দর্শকরা তাদের সঙ্গে খারাপ কিছু করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

মুম্বাই, ১৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়ানডে সিরিজে জয় পেতে সমস্যা হয়নি। শনিবার টুয়েন্টি টুয়েন্টি ম্যাচটাতে তাই বেশ নির্ভার থাকারই কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু রিকি পন্টিংকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না গত কয়েক দিন ধরে চলা অনাকাক্সিক্ষত ঘটনা। অ্যান্ড্রু সাইমন্ডস দুটো ম্যাচে দর্শকদের বিরূপ আচরণের শিকার হওয়ায় পন্টিং বেশ উদ্বিগ্ন। তারপরও তিনি আশা করছেন সফরের শেষ ম্যাচে দর্শকরা তাদের সঙ্গে খারাপ কিছু করবে না। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় শনিবারের ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য প্রতিশোধের এক উপলক্ষ্য। কিন্তু মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে টুয়েন্টি টুয়েন্টির বিশ্বসেরাদের মুখোমুখি হওয়ার এক দিন আগে অস্ট্রেলীয় অধিনায়কের কণ্ঠে সবার আগে উঠে এল হতাশার কথা। বরোদায় পঞ্চম এবং বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সপ্তম ও শেষ ওয়ানডেতে সাইমন্ডসের উদ্দেশ্যে বাঁদরের ডাক দেন দর্শকরা। শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলার সময় পন্টিং এ বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন খোলাখুলি,"সেদিনের (বুধবারের) ঘটনায় আমি ভীষণ হতাশ। কিন্তু এর ওপরে আমাদের তো কোনো হাত নেই।" পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়কের আশা, অন্তত শেষ ম্যাচে দর্শকদের কাছ থেকে কোনো বিরূপ আচরণ পাবে না তার দল, "মাঠে নেমে আমরা শুধু আমাদের সেরা খেলাটাই উপহার দিতে পারি। আশা করি আমাদের চার পাশে থাকা দর্শকরা তা উপভোগ করবে। আমরা ক্রিকেটের একটা ভাল প্রদর্শনী উপহার দিতে পারলে আশা করি কাউকে উত্ত্যক্ত করার বদলে সেটাই বেশি উপভোগ করবে দর্শকরা।" ম্যাচটা নিয়ে তিনি অবশ্য দারুণ রোমাঞ্চিতও, "সত্যি বলতে আমরা এখন খুবই রোমাঞ্চিত আর ম্যাচটার দিকে অধীর আগ্রহে তাকিয়েও আছি। আমরা এমন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা মাত্র কয়েক সপ্তাহ আগে বিশ্বকাপ জিতেছে।" বিশ্বকাপ জয়ী সেই দলকে নেতৃত্ব দেয়া মহেন্দ্র ধোনি এবং রবিন উথাপ্পাকে নিয়ে অবশ্য কিছুটা সংশয়ে আছে ভারত। দু জনেরই হাঁটুতে সামান্য সমস্যা। অন্যদিকে ম্যাথু হেইডেনকে ফিরে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক নিতম্বের ইনজুরিতে পড়ে শেষ দুটো ওয়ানডে খেলতে পারেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১৫ঘ.