কিংস্টন, ১৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বব উলমারকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন দু জনে। কিন্তু নার্স নোভেলেট রবিনসন ও ডাক্তার অ্যাশার কুপারের সে সব চেষ্টা বিফলেই গেছে। কারণ খুব সম্ভবত তার আগেই নিভে গিয়েছিল উলমারের জীবন-প্রদীপ। বৃহস্পতিবার উলমারের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য গড়া তদন্ত কমিটির তৃতীয় দিনের সাক্ষ্যে উপস্থিত হওয়া রবিনসন ও কুপার জানালেন সেদিনের দুঃখজনক অভিজ্ঞতার কথা।
আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর দিন কিংস্টনের পেগাসাস হোটেলে নিজের ঘরের বাথরুমে পাওয়া যায় উলমারকে। পাকিস্তান কোচ তখন সংজ্ঞাহীন ছিলেন। দুঃসংবাদটা শুনেই ১৩ তলায় উলমারের ঘরে চলে যান নার্স রবিনসন। ঘরে ঢুকেই বিছানায় রক্তের ছোপ দেখতে পান তিনি। তার পর দেখেন বাথরুমের মেঝেতে অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন বিশ্ববিখ্যাত এই ক্রিকেট কোচ। সঙ্গে সঙ্গেই উলমারকে বাঁচানোর চেষ্টা করেন তিনি, "সবার আগে আমি তার নাড়ি (পালস) টিপে ধরি। কিন্তু কোনো সাড়া পাইনি। হৃদস্পন্দনও খুঁজে পাইনি আমি।" রবিনসন জানিয়েছেন মুখে-মুখে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে উলমারকে বাঁচানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি।
কিছুক্ষণের মধ্যেই চলে আসেন ডাক্তার কুপার। তিনিও কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে চেষ্টা করে ব্যর্থ হন। রবিনসন ঘরে ঢোকার প্রায় এক ঘন্টা পরে সকাল ১১টা ৪০ মিনিটে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে যায় উলমারকে। সেখানেই কিছুক্ষণ পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন তাকে।
এদিকে হার্ব এলিয়ট নামের এক ডাক্তার মঙ্গলবার টেলিভিশন সাক্ষাতকারে জানিয়েছেন তিনি ঘরে ঢোকার সময় উলমার নাকি বেঁচেছিলেন! তবে নার্স রবিনসন আসার আগে নাকি পরে ঘরে ঢুকেছিলেন সে কথা তিনি পরিষ্কার করে জানাননি। ধারণা করা হচ্ছে তদন্তের স্বার্থে তাকেও ডেকে পাঠানো হবে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২৫ঘ.
bdnews24