সিডনি, ১৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট মাঠে তার অজস্র অর্জন, ঈর্ষণীয় সাফল্য। কিন্তু অর্জন আর সাফল্যের ভীড়ে শেন ওয়ার্নের জীবনের বড় এক আক্ষেপ, টেস্টে কখনোই অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করার সুযোগ পাননি তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড অবশ্য অনেক দিন আগেই তাকে দলের নেতৃত্ব না দেয়ার সিদ্ধান্ত দিয়ে রেখেছিল। আজ থেকে ৭ বছরেরও বেশি আগে ২০০০ সালের আগস্টে নেয়া সিদ্ধান্তটির পেছনে ছিল ৭টি কারণ। এত দিন পর সেই কারণগুলো প্রকাশ করেছে 'ক্রিকেট অস্ট্রেলিয়া'।
ওয়ার্ন নিজেই হয়তো জানেন না কেন তিনি টেস্টে অধিনায়কত্ব পাননি। আর জানা না থাকলে এবার তার মনের অন্ধকার দূর হয়ে যাওয়ার কথা। ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা নেয়ার আগে তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। একটি লজ্জাজনক ঘটনার জন্ম দিয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি পান সর্বকালের সেরা লেগস্পিনার। এক জন ইংলিশ নার্সের মোবাইল ফোনে অশ্লীল টেক্সট মেসেজ পাঠানোর কারণে সহ-অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দায়িত্বটা দেয়া হয় অ্যাডাম গিলক্রিস্টকে। তার পরই ওয়ার্নকে আর কখনো অধিনায়ক না করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। যে কারণে এই সিদ্ধান্ত সেগুলো হল
১. তাকে একটা শিক্ষা দেয়া
২. নেতৃত্ব অন্যদের মধ্যে দায়িত্ববোধ নিয়ে আসবে
৩. সুযোগ দেয়া হলেও সেটার সদ্ব্যবহার করতে পারেনি সে
৪. টেক্সট মেসেজ পাঠানোর কারণে
৫. বিভিন্ন ঘটনার ইতিহাস
৬. দায়িত্বজ্ঞানহীন আচরণের ধারাবাহিকতা
৭.মানুষের বিশ্বাস ধরে রাখতে দায়িত্ববোধের অভাব
টেস্টে অধিনায়কত্ব না পেলেও অস্ট্রেলিয়াকে ১১টি ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছিলেন ওয়ার্ন। স্টিভ ওয়াহর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া ঘরের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজে শিরোপাও জিতেছিল তার নেতৃত্বে। তবে টেস্টে অধিনায়ক নির্বাচনের সময় ১৯৯৯তে স্টিভ ওয়াহ ও ২০০৪ সালে রিকি পন্টিংয়ের ওপরেই আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড।
এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ওয়ার্নের হাতে এখন অখন্ড অবসর। বোর্ড কোচিং ও প্রচারণামূলক কাজে তাকে ব্যবহারের কথাও ভাবছে। 'ক্রিকেট অস্ট্রেলিয়া'র সাবেক চেয়ারম্যান বব মেরিম্যান বলছেন, "আমার সব সময়ই মনে হয় যে কোনো ধারণার একটা সীমা থাকা উচিৎ। সেজন্যই আমি তাকে (ওয়ার্নকে) সমর্থন করি। শেনের সঙ্গে আমার অনেক মতান্তর হয়েছে। তবে তার সঙ্গে আমার ভাল সময়ও অনেক কেটেছে। আমি তার সঙ্গে কথা বলা উপভোগ করি। সে এক জন দারুণ মানুষ।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩০ঘ.
bdnews24