মুম্বাই, ১৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৪ রানেই ৬ উইকেট নেই! বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে এমন বিপদের মধ্যে পড়েও দিশেহারা হয়ে পড়েনি ভারত। রবিন উথাপ্পা, হরভজন সিং, জহির খান ও মুরালি কার্তিকের দৃঢ়তায় শেষপর্যন্ত ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছে টুয়েন্টি টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা।
টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া মুরালি কার্তিকের (৬/২৭) ক্যারিয়ার সেরা বোলিংয়ে অলআউট হয়ে যায় ১৯৩ রানে। জবাব দিতে নেমে ৪ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। উথাপ্পা (৪৭) ও হরভজন (১৯) ফিরে যাওয়ার পর বাকি কাজটা সেরেছেন জহির (অপরাজিত ৩১) ও কার্তিক (অপরাজিত ২১)। হেরে গেলেও অস্ট্রেলিয়ার অবশ্য তেমন ক্ষতি হয়নি। আগের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলা রিকি পন্টিংয়ের দল ৪-২ ব্যবধানে জিতে নিয়েছে ৭ ম্যাচের ফিউচার কাপ।
লক্ষ্য তেমন বড় না হলেও ভারতের সূচনা মোটেও ভাল হয়নি। মিশেল জনসনের করা ইনিংসের দ্বিতীয় ওভারেই সৌরভ গাঙ্গুলী (০) ক্যাচ দিয়েছেন অ্যাডাম গিলক্রিস্টকে। তিন নম্বরে নামা দীনেশ কার্তিকও (০) ফিরেছেন জনসন-গিলক্রিস্ট কম্বিশনে। ৮ রানে দুই উইকেট হারানোর পর যুবরাজ সিংকে নিয়ে ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু জুটিতে ৩০ রান ওঠার ওয়ানডের সফলতম সফলতম ব্যাটসম্যানকে দুঃখজনক বিদায় নিতে হয়েছে। ব্রেট লির অফ স্টাম্পের বাইরে পিচ পড়া একটি বল কাভার করতে চেয়েছিলেন টেন্ডুলকার। বল তার ব্যাটের কানায় লেগে আঘাত হেনেছে উইকেটে! টেন্ডুলকারের ৩৬ বলে ২১ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৪টি।
যুবরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ রান করে ব্র্যাকেনের বলে তিনি গিলক্রিস্টের গ্লাভসবন্দী হয়েছেন। এর পর প্রতিপক্ষ অধিনায়ক মহেন্দ্র ধোনিকেও (৫) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন ব্র্যাকেন। কিছুক্ষণের মধ্যে ইরফান পাঠানকে (০) ফিরিয়েছেন জেমস হোপস, মাইকেল ক্লার্কের ক্যাচ বানিয়ে। ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ভারত তখন ভীষণ বিপদে।
সেখান থেকে হরভজন সিংকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন রবিন উথাপ্পা। রক্ষণ ও আক্রমণের মিশেলে গড়া তার ৪৭ রানের ইনিংস ম্যাচে ফিরিয়েছে ভারতকে। সপ্তম উইকেটে ৬৫ রান ওঠার পর আবার ছন্দপতন। উথাপ্পাকে এলবিডব্লু করে অস্ট্রেলিয়াকে ম্যাচে আবার অস্ট্রেলিয়ার আধিপত্য ফিরিয়ে আনেন মাইকেল ক্লার্ক। কর্ণাটকের এই ব্যাটসম্যানের ৫৯ বলে ৪৭ রানের ইনিংসটা গড়ে উঠেছে দুটি ছক্কা ও ৪টি বাউন্ডারিতে। উথাপ্পার বিদায়ের ৪ ওভার পর হরভজনও (১৯) আউট। তাকে প্রথম স্লিপে পন্টিংয়ের মুঠোবন্দী করে নিজের তৃতীয় উইকেট তুলে নিয়েছেন জনসন।
৮ উইকেটে ১৪৩ রান নিয়ে ভারত তখন পরাজয়ের প্রহর গুনছে, আর অস্ট্রেলিয়া দারুণ এক জয়ের সম্ভাবনায় উদ্বেলিত। কিন্তু তখনো অনেক নাটকীয়তা বাকি ম্যাচের। জহির খান ও 'বোলিং-হিরো' মুরালি কার্তিকের ব্যাট জ্বলে উঠলো তার পরই। অস্ট্রেলীয় বোলারদের সমস্ত প্রচেষ্টা নিষ্ফল করে তারা গড়ে তুললেন অবিচ্ছিন্ন ৫২ রানের এক ম্যাচ জেতানো জুটি। জহিরের অপরাজিত ৩১ রানের ইনিংসে ছিল ব্রেট লিকে মারা এক বিশাল ছক্কা ও ৩টি চার। ২১ রানে অপরাজিত ছিলেন মুরালি।
ভারতের মতো অস্ট্রেলিয়ার শুরুটাও ভাল হয়নি। জহির খানের করা ম্যাচের প্রথম বলেই মাইকেল ক্লার্ক এলবিডব্লু! টস জিতে ব্যাট করতে নেমে শুরুর এই ধাক্কা অধিনায়কের দৃঢ়তায় কাটিয়ে ওঠার চেষ্টা করছিল অস্ট্রেলিয়া। প্রথমে অ্যাডাম গিলক্রিস্টকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করেছেন পন্টিং। গিলক্রিস্ট ১৯ রান করে ইরফান পাঠানের বলে ক্যাচ দিয়েছেন হরভজন সিংকে। সহ-অধিনায়ক ফিরে যাওয়ার পর ব্র্যাড হজকে নিয়ে পন্টিং ৫৭ রানের আরেকটি কার্যকর জুটি গড়েছেন।
কিন্তু তারপরই কার্তিকের জোড়া আঘাত। ২০তম ওভারে শেষ দুই বলে হজ (১৬) ও আগের ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করা অ্যান্ড্রু সাইমন্ডসকে (০) ফিরিয়ে দিয়েছেন কার্তিক। তাকে হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেন অধিনায়ক পন্টিং, কিন্তু ফিফটির পর ইনিংসটাকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। আরপি সিংয়ের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। পন্টিংয়ের ৭৮ বলে ৫৭ রানের ইনিংসে বাউন্ডারি ৯টি।
অধিনায়ক আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ১২৯ রান। ১৬২তে পৌঁছানোর পর মুরালির এক ওভারে তিন জন আউট! সিরিজে আগের তিন ইনিংসে ৬৯, অপরাজিত ৮৭ ও ২৫ রান করা হ্যাডিন খেলছিলেন আস্থার সঙ্গেই। হরভজনের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে জহিরের ব্যর্থতায় বেঁচেও গিয়েছিলেন। কিন্তু কার্তিকের করা ইনিংসের ৩২তম ওভারের প্রথম বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন হ্যাডিন (১৯)। ঐ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ব্র্যাড হগ ও ব্রেট লি ক্যাচ তুলে দিয়েছেন উথাপ্পা ও হরভজনের হাতে। দু জনের কেউই রান করতে পারেননি। এর পর মিশেল জনসনকে নিয়ে জেমস হোপস কিছুক্ষণ লড়াই করেছেন। কার্তিকই হোপসকে (২২) বোল্ড করে ভেঙ্গে দিয়েছেন জুটিটা। জনসন অপরাজিত ছিলেন ২৪ রানে। ৩১ বলের ইনিংসটাতে দুটি চার ও একটি ছক্কা। কার্তিকের ৬ উইকেটের পর দ্বিতীয় সেরা বোলিং আরপি সিংয়ের। ৫৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।
বল হাতে ৬ উইকেট এবং তারপর ব্যাটেও এমন দৃঢ়তার পর মুরালি কার্তিক ম্যান অফ দি ম্যাচ হবেন এটা নিয়ে সন্দেহের কিছু ছিল না। যেমন সন্দেহ ছিল না অ্যান্ড্রু সাইমন্ডসের ম্যান অফ দি সিরিজের পুরষ্কার নিয়েও। গোটা সিরিজে ব্যাট হাতে ভারতীয় বোলিংকে খুন করার স্বীকৃতি হিসেবে তিনিই ম্যান অফ দি সিরিজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২৩১০ঘ.
bdnews24