লাহোর, ১৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শোয়েব আখতার সবসময় আলোচনায়। কখনো বেফাঁস কথা বলে, কখনো ডোপ কেলেঙ্কারি, কখনোবা ব্যাট দিয়ে সতীর্থকে পিটিয়ে। তার এমন কান্ড দেখে দেখে বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান 'পিন্ডি এক্সপ্রেস'কে মনোবিদের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন।
শোয়েব আখতারের সর্বশেষ অপরাধ সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে পেটানো। গত মাসে দক্ষিণ আফ্রিকায় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরুর দিন তিনেক আগে তিনি আসিফকে পিটিয়ে এক কলঙ্কজনক ঘটনার জন্ম দিয়েছিলেন। সেজন্য তাকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল। পরে অবশ্য অনুতপ্ত শোয়েব ক্ষমা চেয়েছিলেন আসিফের কাছে।
শোয়েবের এই কান্ড দেখে তাকে মানসিক বিকারগ্রস্ত বলেই মনে হচ্ছে পিসিবির চেয়ারম্যান নাসিম আশরাফের, "পাকিস্তানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে আখতার সর্বোচ্চ শাস্তি পেয়েছে। তার জন্য একজন মনোবিদের পরামর্শ ভীষণ জরুরী হয়ে পড়েছে।"
আসিফকে পেটানোর অপরাধসহ মোট চারটি শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৩ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে শোয়েবকে। এছাড়া ৩৪ লাখ রুপি জরিমানাও দিতে হবে তাকে। অবশ্য এ মাসেই শেষ হয়ে যাচ্ছে তার মাঠে নামার নিষেধাজ্ঞা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২৯ অক্টোবর করাচিতে শেষ ওয়ানডে ম্যাচে খেলার সুযোগ আছে এই পাকিস্তানী ফাস্টবোলারের। তবে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রসঙ্গে নাসিম অশরাফ বলেছেন, "আখতারকে সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দিয়ে আমরা একটা উদাহরণ সৃষ্টি করেছি। সে-ও নিজের ভুল মেনে নিয়েছে। আমরা আশা করছি এরকম দুঃখজনক ঘটনা আর ঘটবে না।" ১৩ ম্যাচের সাসপেনশন এবং ৩৪ লাখ রুপি জরিমানা মানে বেশ কড়া শাস্তি। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পাতানোর অপরাধ ছাড়া এর আগে এতবড় শাস্তি কোনো ক্রিকেটারকে ভোগ করতে হয়নি।
ভবিষ্যতে এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে তার নিশ্চয়তা চেয়ে পিসিবি প্রধান বলেছেন, "আগামী দু বছর শোয়েব আখতার পর্যবেক্ষণের মধ্যে থাকবে। এবং আচরণবিধি ভেঙ্গে কিছু করলেই তার আজীবন সাসপেন্ড হওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়ে যাবে। আশা করি সে ভাল শিক্ষা পেয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৪৫ঘ.
bdnews24