২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাডম্যানকে মনে করিয়ে ইনজামামের বিদায়

স্যার ডন ব্র্যাডম্যান ব্যাটসম্যান হিসাবে অতুলনীয়। টেস্ট ক্রিকেটে প্রায় ১০০ গড়ের যে অবিস্মরণীয় কীর্তি তিনি গড়ে রেখেছেন তা যে কোনোদিন ভাঙ্গবে না এই ভবিষ্যদ্বাণী করতে ক্রিকেট-বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। একটি ব্যাপারে সর্বকালের সেরা ব্যাটসম্যানের সঙ্গে দারুণ মিল ইনজামাম-উল হকের! জীবনের শেষ টেস্টে দুজনই রেখেছেন ব্যর্থতার মর্মান্তিক নজির! শেষ টেস্ট ইনিংসে মাত্র ৪ রান করলেই ব্র্যাডম্যানের গড় হতো কাঁটায়-কাঁটায় ১০০, হয়ে যেত ৭ হাজার রানও। কিন্তু ইংল্যান্ডের এরিক হোরিস নামের এক অখ্যাত লেগস্পিনারের গুগলিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হওয়ার আগে কোনো রানই করতে পারেননি ব্র্যাডম্যান। শুক্রবার মাত্র ৩ রানের জন্য ইনজামামও পারেননি জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সফলতম ব্যাটসম্যান হতে। তিনিও এক জন স্পিনারেরই শিকার! লাহোর টেস্টের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার পল হ্যারিসের বাঁহাতি স্পিনে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার সময় 'মুলতানের সুলতান'-এর সংগ্রহে ৩ রান! >> রেকর্ড হল না ইনজামামের, লাহোর টেস্ট ড্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

লাহোর, ১২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্যার ডন ব্র্যাডম্যান ব্যাটসম্যান হিসাবে অতুলনীয়। টেস্ট ক্রিকেটে প্রায় ১০০ গড়ের যে অবিস্মরণীয় কীর্তি তিনি গড়ে রেখেছেন তা যে কোনোদিন ভাঙ্গবে না এই ভবিষ্যদ্বাণী করতে ক্রিকেট-বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। একটি ব্যাপারে সর্বকালের সেরা ব্যাটসম্যানের সঙ্গে দারুণ মিল ইনজামাম-উল হকের! জীবনের শেষ টেস্টে দুজনই রেখেছেন ব্যর্থতার মর্মান্তিক নজির! শেষ টেস্ট ইনিংসে মাত্র ৪ রান করলেই ব্র্যাডম্যানের গড় হতো কাঁটায়-কাঁটায় ১০০, হয়ে যেত ৭ হাজার রানও। কিন্তু ইংল্যান্ডের এরিক হোরিস নামের এক অখ্যাত লেগস্পিনারের গুগলিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হওয়ার আগে কোনো রানই করতে পারেননি ব্র্যাডম্যান। শুক্রবার মাত্র ৩ রানের জন্য ইনজামামও পারেননি জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সফলতম ব্যাটসম্যান হতে। তিনিও এক জন স্পিনারেরই শিকার! লাহোর টেস্টের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার পল হ্যারিসের বাঁহাতি স্পিনে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার সময় 'মুলতানের সুলতান'-এর সংগ্রহে ৩ রান! ইনজামাম যেখানে সমাপ্তি টানলেন কাকতালীয়ভাবে লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামে শুরুও হয়েছিল তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের। ১৯৯১ - এর ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল। অভিষেক ম্যাচে ২০ রানের বেশি করতে পারেননি। তবে টান টান উত্তেজনায় ভরা সেই ম্যাচ 'টাই' হওয়ায় প্রথম ম্যাচেই আঁচ পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের উত্তেজনার। সে উত্তেজনা পরে সঞ্চারিত হয়েছিল তার চওড়া ব্যাটে। অলস ভঙ্গিতে খেলা তার চোখ ধাঁধানো স্ট্রোকের দ্যুতি দীর্ঘ দেড় দশক আচ্ছন্ন করে রেখেছে ক্রিকেটপ্রেমীদের। অজস্র ম্যাচ জিতিয়েছেন পাকিস্তানকে। '৯২ বিশ্বকাপের সেমিফাইনালে পরাজয়ের আশঙ্কায় পড়ে যাওয়া ইমরান খানের দলকে ৩৯ বলে ৬০ রানের এক অসাধারণ ইনিংস খেলে তিনিই তো জয় উপহার দিয়েছিলেন। চার বছর আগে ঘরের মাঠ মুলতানে তার অপরাজিত সেঞ্চুরিই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে এক উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছিল দলকে। ৭ বছর আগে পাকিস্তানের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি পেয়েছিলেন (নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২৯)। কখনো কি ভোলা যাবে ভারতের বিপক্ষে করাচির সেই অনিন্দ্যসুন্দর ইনিংসটার কথা? প্রায় দেড় দশক পর ২০০৪ সাল থেকে নতুন করে শুরু হয় ভারত-পাকিস্তান সিরিজ। এবং ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই চমক! সেদিন ভারতের ৩৪৯ রানের জবাবে ইনজামামের ১০২ বলে ১২২ রান পাকিস্তানকে লক্ষ্যে প্রায় পৌঁছেই দিয়েছিল। শেষ পর্যন্ত স্বাগতিকরা মাত্র ৫ রানে হেরে যায়। এ রকম বেশ কিছু স্মরণীয় ইনিংস উপহার দিয়ে তিনি শুধু পাকিস্তান ক্রিকেটকেই নয়, ধন্য করেছেন আন্তর্জাতিক ক্রিকেটকেও। সাফল্যের পাশাপাশি বিতর্কও তার হাত ধরে হেঁটেছে। কানাডার টরন্টোতে বছর দশেক আগে ভারতের বিপক্ষে সাহারা কাপের একটি ম্যাচে সীমানার কাছাকাছি ফিল্ডিং করছিলেন ইনজামাম। এক দর্শক ব্যাঙ্গ করে 'আলু' বলায় তাকে ব্যাট উঁচিয়ে মারতে গিয়েছিলেন। গত বছর ওভাল টেস্টে অস্ট্রেলীয় আম্পায়ার ড্যারেল হেয়ার বল ট্যাম্পারিংয়ের অভিযোগ আনায় দল নিয়ে মাঠের বাইরে চলে যেতেও দ্বিধা করেননি পাকিস্তানের তখনকার অধিনায়ক ইনজামাম। টেস্ট ক্রিকেটের ১৩০ বছরের ইতিহাসে তিনিই একমাত্র অধিনায়ক যার দলকে 'ফোরফিট' বা না খেলার জন্য হার মানতে হয়েছে! তবে তাই বলে অন্যায়ের সঙ্গে আপোস করেননি কখনো। হেয়ারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন দৃঢ়তার সঙ্গে। এক সময় ইমরান খান বলেছিলেন ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ইনজামামই সেরা ব্যাটসম্যান। কথাটা যে বাগাড়ম্বর নয় তার প্রমাণ তিনি রেখেছেন অনেকবার। তার পুল আর হুক সমসাময়িক কত পেসারের যে রাতের ঘুম কেড়ে নিয়েছে তার হিসাব করাই মুশকিল! দৌড়াতে পছন্দ করতেন না, দুর্বল 'রানিং বিটুইন দ্য উইকেট'-এর মাশুল দিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশিবার রান আউট হওয়ার রেকর্ড গড়েছেন। তার স্ট্রোকের দ্যুতি অবশ্য সেই রেকর্ডকে কারো বিবেচনায় খুব একটা বড় হয়ে উঠতে দেয়নি। ব্র্যাডম্যান যেমন সারা জীবন ১০০ গড় করতে না পারার আক্ষেপে পুড়েছেন তেমনি ইনজামামকেও গড়-সংক্রান্ত একটা যন্ত্রণা বইতে হবে আজীবন। শেষ ইনিংসে ৭৪ কিংবা অপরাজিত ২৪ রান করতে পারলে টেস্টে তার গড় হতো ৫০। কিন্তু তা আর হয়নি। আর হয়নি বলেই তার টেস্ট গড় থমকে গেল ৪৯ দশমিক ৬ - এ। ১২০ টেস্টে ২৫টি সেঞ্চুরি সহ ৮৮৩০ রানের মালিক অবশ্য ওয়ানডেতে বেশ কিছু ঈর্ষণীয় কীর্তির অধিকারী। ৩৭৮ ওয়ানডেতে ১০টি সেঞ্চুরি ও ৮৩টি ফিফটিসহ তার রান ১১,৭৩৯। শচীন টেন্ডুলকার ও সনাৎ জয়াসুরিয়াই শুধু ওয়ানডেতে তার চেয়ে বেশি রান করেছেন। ওয়ানডেতে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডটাও দীর্ঘ দিন ইনজামামের অধিকারে ছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান ওয়ানডে সিরিজে রেকর্ডটা নিজের করে নিয়েছেন টেন্ডুলকার। এক দিক দিয়ে তিনি ভাগ্যবানও। পাকিস্তান ক্রিকেটের তিন 'গ্রেট' ইমরান, মিয়াঁদাদ ও জহির আব্বাস সসম্মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেননি। কিন্তু ইনজামাম পেরেছেন। লাহোর টেস্ট শুরু হওয়ার আগেই এটাকে 'ইনজামাম টেস্ট' হিসাবে ঘোষণা করেছিল পিসিবি। শুক্রবার টেস্ট শেষ হওয়ার পর তাকে দারুণ এক বিদায় সম্বর্ধনাও দিয়েছে তারা। সতীর্থ ও প্রতিপক্ষের প্রত্যেকে তাকে আন্তরিক শুভকামনা জানিয়েছে হাত মিলিয়ে বা আলিঙ্গন করে। সোনার পদক পরিয়ে দেয়া হয়েছে, গাদ্দাফি স্টেডিয়ামের একটি এনক্লোজার তার নামে করা হয়েছে। এতসব সম্মানে ভূষিত ইনজামাম বিদায়বেলায়ও ছিলেন বিনয়ের প্রতিমূর্তি। সতীর্থ, ক্রিকেট কর্মকর্তা, পরিবারের সদস্য থেকে শুরু করে প্রত্যেক ভক্তকে ধন্যবাদ জানিয়েছেন সেই চিরপরিচিত নম্র কণ্ঠে। ক্রিকেট মাঠ থেকে বিদায় নিলেন ঠিকই। কিন্তু ব্যাটসম্যান ইনজামামকে একজন খাঁটি ক্রিকেটপ্রেমী কখনোই ভুলতে পারবেন না। সুদূর ভবিষ্যতেও যে কোনো ক্রিকেটাড্ডায় উঠে আসবে তার চোখধাঁধানো স্ট্রোকের কথা, অবিস্মরণীয় কিছু ইনিংসের কথা। ইনজামামের মতো এক জন 'গ্রেট' ব্যাটসম্যানের জন্য সেটাই তো সবচেয়ে বড় পুরস্কার। এটা তার প্রাপ্যও! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/২১৫৬ ঘ.