ঢাকা, ১১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০ দিনের সফরে তারা দুটো চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। বৃহস্পতিবার এই সফরের জন্য ১৮ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তাতে আছেন তামিম ইকবালও।
নির্বাচিত ক্রিকেটারদের ১৬ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটায় বিকেএসপিতে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানেই প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল পাকিস্তান যাবে ৭ নভেম্বর। ৯ নভেম্বর থেকে করাচিতে শুরু হবে তাদের প্রথম চার দিনের ম্যাচ। এরপর ১৫ নভেম্বর থেকে হায়দরাবাদে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলে আবার তারা করাচিতে ফিরবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।
পাকিস্তান সফরের অনুর্ধ্ব-১৯ দল : তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, সৈকত আলী, রনি তালুকদার, মাহমুদুল হাসান লিমন, আশরাফুল আজিজ সুজন, নাসির হোসেন, নাদিমউদ্দিন মিন্টু, মিথুন আলী, হামিদুল ইসলাম হিমেল, জাবিদ হোসেন, ডলার মাহমুদ, শুভাশিষ রায়, সৈয়দ গোলাম কিবরিয়া, রুবেল হোসেন, কেএম শাকিল, সোহরাওয়ার্দী শুভ এবং তাপস ঘোষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২৩৮ঘ.
bdnews24