২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং সিক্সেসে জাতীয় দলের ক্রিকেটাররাই যাবেন

আমন্ত্রণ পাওয়ার পর দল পাঠানো নিয়ে কিছুটা দোটানায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭-২৮ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠেয় হংকং সিক্সেস টুর্নামেন্টের সময় যে পুরোদমে চলবে জাতীয় ক্রিকেট লিগ! তবে মাত্র দু'দিনের টুর্নামেন্ট বলে সেখানে দল পাঠানোর ব্যাপারে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে ফেলেছে তারা। যেনতেন দল নয়, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গড়েই পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আমন্ত্রণ পাওয়ার পর দল পাঠানো নিয়ে কিছুটা দোটানায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭-২৮ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠেয় হংকং সিক্সেস টুর্নামেন্টের সময় যে পুরোদমে চলবে জাতীয় ক্রিকেট লিগ! তবে মাত্র দু'দিনের টুর্নামেন্ট বলে সেখানে দল পাঠানোর ব্যাপারে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে ফেলেছে তারা। যেনতেন দল নয়, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গড়েই পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। ম্যাচ যেহেতু হবে সিক্স-এ-সাইড, তাই এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলটা হবে সাত জনের। আর এই দলে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলে আসা দলটির সদস্যদের আধিক্য থাকবে। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি সবকটি টেস্ট খেলুড়ে দেশের প্রতিনিধিত্ব থাকবে। ওই নয়টি দলের সঙ্গে রাখা হবে একটি 'অলস্টার' দল। যেটির হয়ে খেলার কথা ব্রায়ান লারা, শেন ওয়ার্ন এবং শহীদ আফ্রিদিদের। ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সেরে রাখার জন্য নির্বাচকরা অবশ্য প্রথমে ১০-১২ জনের একটা দল ঠিক করবেন। সেখান থেকেই পরে বেছে নেওয়া হবে ৭ জনের চূড়ান্ত দল। হংকং সিক্সেসে দল পাঠালে জাতীয় লিগের ধারাবাহিকতায় কোনো ছেদ পড়বে বলে মনে হয় না লিপুর, "মাত্রই তো দু'দিনের টুর্নামেন্ট। ওই সময় যদিও জাতীয় লিগের খেলা চলবে। কিন্তু তাতে খুব বেশি ক্ষতি হবে না। যারা যাবে তারা একটা মাত্র ম্যাচই মিস করবে।" এছাড়া হংকংয়ে দল পাঠানোর পেছনে আরেকটি যুক্তিও খুঁজে পাচ্ছেন তিনি, "এখানে নয়টি টেস্ট প্লেয়িং দেশ অংশ নেবে। একটি অলস্টার দলও আছে। সবমিলিয়ে জমকালো টুর্নামেন্ট। তাই আমাদের এখানে অংশ নেওয়া উচিত বলে মনে করি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.