ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৩০ অক্টোবর 'ডেডলাইন' বলে এখন হন্যে হয়ে জাতীয় দলের জন্য কোচ খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অস্ট্রেলিয়ার জন ডাইসন এবং ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ পছন্দের শীর্ষে থাকলেও শুধুই তাদের আশায় বসে থাকার উপায়ও তাই নেই। অন্য কোচের অনুসন্ধানও চালিয়ে যাচ্ছে তারা। তা চালাতে গিয়ে এরমধ্যে হতাশও হতে হয়েছে কিছুটা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলসের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের কোচ হওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ আছে কিনা। কিন্তু ইতিবাচক কোনো সাড়া মেলেনি।
ডেভ হটন, জেমি সিডন্স এবং জন হার্মারদের সঙ্গে তবু আলোচনা এগিয়েছিল অনেকদূর। কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলা ওয়েসেলস শুরুতেই 'না' করে দিয়েছেন বিসিবিকে। বিসিবিরই একটা সূত্র বিষয়টা নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিসিবির কোচ নিয়োগ কমিটির প্রধান গাজী আশরাফ লিপুও এর সত্যতা স্বীকার করেছেন।
ওয়েসেলস এখন পাকিস্তানে রয়েছেন। চলতি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে টিভি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। সেখানেই তাকে টেলিফোনে ধরা হয়েছিল বিসিবির তরফ থেকে। অবশ্য বাংলাদেশের ব্যাপারে কোনো আগ্রহ না দেখানোটাকেও নাকি অত্যন্ত যৌক্তিকভাবে ব্যাখ্যা করেছেন ওয়েসেলস। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান লিপু তেমনই দাবি করলেন, "তার নিজের একটা ক্রিকেট একাডেমি আছে। আপাতত সেটা নিয়েই ব্যস্ত থাকতে চান। তাছাড়া এখনই কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত বলেও মনে করেন না ওয়েসেলস।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24