২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ টেস্টেও দলকে রক্ষার দায়িত্ব ইনজামামের

প্রথম দিন ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় দিন যখন ব্যাট হাতে নামলেন অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান তখন বেশ বিপদে। কিছুক্ষণ পর মোহাম্মদ ইউসুফও আউট! পাকিস্তানের বহু বিপদের ত্রাণকর্তা ইনজামাম-উল হকের ওপরে তাই বিদায়ী টেস্টেও বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব তিনি কতটা পালন করতে পারবেন তা বোঝা যাবে বুধবার, লাহোর টেস্টের তৃতীয় দিনে। কারণ ৪ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করায় স্বাগতিকরা একদমই স্বস্তিতে নেই। ইনজামাম অপরাজিত আছেন ১০ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 06:41 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

লাহোর, ৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম দিন ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় দিন যখন ব্যাট হাতে নামলেন অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান তখন বেশ বিপদে। কিছুক্ষণ পর মোহাম্মদ ইউসুফও আউট! পাকিস্তানের বহু বিপদের ত্রাণকর্তা ইনজামাম-উল হকের ওপরে তাই বিদায়ী টেস্টেও বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব তিনি কতটা পালন করতে পারবেন তা বোঝা যাবে বুধবার, লাহোর টেস্টের তৃতীয় দিনে। কারণ ৪ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করায় স্বাগতিকরা একদমই স্বস্তিতে নেই। ইনজামাম অপরাজিত আছেন ১০ রানে। জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে টেস্টে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হতে 'মুলতানের সুলতান'-এর আর মাত্র ১০ রান প্রয়োজন। এর আগে পল হ্যারিস ও মার্ক বাউচারের প্রতিরোধ দুমরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৩৫৭ রানে থামিয়েছেন পাকিস্তানের বোলাররা। অথচ স্বাগতিকদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে দলকে ৯০ রান উপহার দিয়েছেন সালমান বাট ও কামরান আকমল । কিন্তু তার পরই মাত্র ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে ব্রেক থ্রু এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার হ্যারিস। তার একটি বলে সুইপ করতে চেয়েছিলেন বাট। কিন্তু টপ এজ হয়ে বল চলে যায় শর্ট ফাইন লেগে দাঁড়ানো গ্রায়েম স্মিথের হাতে। বাটের ৪০ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৭টি। আন্দ্রে নেলের করা পরের ওভারের প্রথম বলে ইউনিস খানও বোল্ড! হ্যারিসকে ফ্লিক করে ৩ রান নিয়ে বড় কিছুর ইঙ্গিত দিলেও আর কোনো রান করতে পারেননি করাচিতে দারুণ এক সেঞ্চুরি করা ইউনিস। শুরু থেকে আস্থার সঙ্গে খেলতে থাকা কামরান আকমল ড্রেসিং রুমে ফিরেছেন তার খানিকক্ষণ পরেই। টেস্টে ষষ্ঠ ফিফটি পাওয়ার পরই তাকে ফিরিয়েছেন হ্যারিস। ৭টি বাউন্ডারিতে মাত্র ৬৪ বলে ৫২ রান করা আকমলের ক্যাচও নিয়েছেন স্মিথ। বিনা উইকেটে ৯০ থেকে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৯৯ রান। তার পরই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক আবেগঘন দৃশ্যের জন্ম। দু পাশে সারি বেধে, হাততালি দিয়ে ইনজামামকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান ফিল্ডাররা। অন্য প্রান্তের ব্যাটসম্যান ইউসুফও ছিলেন সেই 'অভ্যর্থনাকারী'দের মাঝে। তবে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের ইনিংসটা দীর্ঘস্থায়ী হয়নি। ২৫ রান করে তিনি এলবিডব্লু হয়েছেন ডেল স্টেইনের বলে। ইউসুফের বিদায়ের পর বাকি সময়ে দলের আর কোনো ক্ষতি হতে দেননি ইনজামাম ও মিসবাহ। ইনজামামের মতো মিসবাহও ব্যাট করছেন ১০ রান নিয়ে। সকালে প্রথম ওভারেই নেলকে হারানোর পর যে লড়াইটা শুরু করেছিলেন সেটাকে আর পূর্ণতা দিতে পারেননি বাউচার। লাঞ্চের পর উমর গুল হ্যারিসকেও (৪৭) ফিরিয়ে দিলে দেখতে দেখতেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৫৪ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে বাউচারও আউট হওয়ায় মাত্র ১০ রানে শেষ ৩ উইকেট হারায় গ্রায়েম স্মিথের দল। দিনের প্রথম ওভারের পঞ্চম বলে নেলকে মিসবাহর ক্যাচ বানিয়ে গুলই প্রথম খুশির উপলক্ষ এনে দিয়েছিলেন পাকিস্তানকে। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৭ উইকেটে ২৫৯। কিন্তু বাউচার আর হ্যারিস সে অবস্থাতেই ৮৮ রানের জুটি গড়ে অনেকটা ব্যাকফুটে ঠেলে দেন পাকিস্তানকে। গুলের ব্রেক থ্রু অবশ্য শেষ হাসি উপহার দিয়েছে শোয়েব মালিকের দলকেই। ১০৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ১১৪ রানে ৪ উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বোলার লেগস্পিনার দানিশ কানেরিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০৫ঘ.