ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তিন ভেন্যুতে জাতীয় ক্রিকেট লিগের তিনটি ম্যাচ চলছে। অথচ তিন সদস্যের নির্বাচকমন্ডলীর সবাই কিনা একজোট হয়ে একই ভেন্যুতে খেলা দেখছেন! অতীতে এরকম দৃশ্য দেখা গেছে বহুবার। নির্দিষ্ট করে বললে পালা করে প্রতিটা ভেন্যুতে গিয়ে খেলা দেখার ব্যাপারটা পছন্দ ছিল না ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। তবে আশার কথা, রফিকুল আলমের নেতৃত্বাধীন কমিটির এররকম স্বেচ্ছাচারী হওয়ার কোনো সুযোগই রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার অতীতের উদাহরণ দিতেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানিয়ে দিলেন, "একই মাঠে বসে তিন নির্বাচকের খেলা দেখার ঘটনা এবার দেখবেনই না। এক সঙ্গে জাতীয় লিগের তিনটি করে খেলা চলবে। নির্বাচকদের ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে। তারা একেকজন একেকটি ভেন্যুতে গিয়ে খেলা দেখবেন।"
১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে প্রতিটি রাউন্ডে তিনটি করে খেলা একসঙ্গে শুরু হবে। প্রথম রাউন্ডের ম্যাচ তিনটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। বিসিবির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী এবার তাই শুরু থেকেই তিন ভেন্যুতে ছড়িয়ে পড়ছেন রফিকুল আলম, আকরাম খান এবং নাঈমুর রহমানরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.
bdnews24