২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কদের আশা, অধিনায়কদের স্বপ্ন

কাগজ-কলমের হিসাব ক্রিকেট মেনে চলে না। তবুও যদি সেটাই গুণতে হয়, তাহলে আসছে জাতীয় লিগের টপ ফেভারিট কারা? বরিশাল বিভাগীয় দলের অধিনায়ক শাহরিয়ার নাফীসের উত্তর, "কাগজ-কলমের হিসাবে খুলনার তো প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়া উচিত। কারণ জাতীয় দলের খেলোয়াড় তাদেরই সবচেয়ে বেশি। কিন্তু তারা তো প্রতিবার চ্যাম্পিয়ন হয় না।" কেন হয় না সেটার সবচেয়ে সঠিক উত্তর দিতে পারতেন খুলনা বিভাগের অধিনায়ক হাবিবুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কাগজ-কলমের হিসাব ক্রিকেট মেনে চলে না। তবুও যদি সেটাই গুণতে হয়, তাহলে আসছে জাতীয় লিগের টপ ফেভারিট কারা? বরিশাল বিভাগীয় দলের অধিনায়ক শাহরিয়ার নাফীসের উত্তর, "কাগজ-কলমের হিসাবে খুলনার তো প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়া উচিত। কারণ জাতীয় দলের খেলোয়াড় তাদেরই সবচেয়ে বেশি। কিন্তু তারা তো প্রতিবার চ্যাম্পিয়ন হয় না।" কেন হয় না সেটার সবচেয়ে সঠিক উত্তর দিতে পারতেন খুলনা বিভাগের অধিনায়ক হাবিবুল বাশার। কিন্তু সোমবার দুপুরে হোটেল শেরাটনের মার্বেল রুমে প্রতিটা বিভাগীয় দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আসেনই-নি। আসেননি জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচের প্রতিযোগীতার সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন ঢাকা বিভাগীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। বাংলাদেশ দলের সদ্য সাবেক ও নতুন অধিনায়কের অনুপস্থিতিতে তাই এই আয়োজনটা জমজমাট হতে পারেনি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চারদিন ও একদিনের ম্যাচের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা দলের প্র্যাকটিস ম্যাচ ছিল। সেটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরও আশরাফুলের না আসার কারণ জানাচ্ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান জোয়ার্দার, "ও ফোন করে বললো ওর প্র্যাকটিস প্রয়োজন। মিরপুর ইনডোরে প্র্যাকটিস করছে। তাই আসেনি।" আর হাবিবুল আসেননি কারণ, "গতকাল (রোববার) বৃষ্টিতে ভিজে নাকি অসুস্থ হয়ে পড়েছে। তাই খুলনাতেই রয়ে গেছে।" তবে বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ছিলেন। তার নেতৃত্বে ২০০৫-২০০৬ মৌসুমে জাতীয় লিগের দু'ধরনের ক্রিকেটেই চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। আর গত মৌসুমে হয়েছে রানার্স আপ। মাসুদের আশা, ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকবে এবারো, "গত কয়েক বছর ধরেই আমরা জাতীয় লিগে ভালো খেলছি। দলটার কম্বিনেশন, বোঝাপড়াও ভালো। আমাদের মূল শক্তি টিম স্পিরিট। তাই এবারো ভালো না করার কারণ দেখি না।" অবশ্য যে কারণে এবার জাতীয় লিগ দিয়ে ক্রিকেট মৌসুম শুরু হচ্ছে, তাও মনে করিয়ে দিতে ভোলেননি, "ডিসেম্বরে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর আছে। সেখানকার উইকেট বাউন্সি। বল মুভও করে বেশি। কাজেই আমার মনে হয়, এখানে আমাদের ওই ধরনের উইকেটেই খেলা উচিত। তাছাড়া ক্রিকেটে আমাদের উন্নতি করতে হলে বাউন্সি উইকেটে খেলা দরকার।" খুলনা যেমন তারকাবহুল দল, তেমনি বরিশাল এক অর্থে তারকাবিহীন। এই দলের একমাত্র তারকা অধিনায়ক শাহরিয়ার নাফীস। জাতীয় দলের রোল অব অনারে এখনো পর্যন্ত নাম ওঠাতে না পারা একমাত্র দলও বরিশাল। তবুও বিশেষ করে একদিনের ম্যাচে তার দলটাকে নিয়ে আশাবাদী তিনি, "আমাদের দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে মাত্র দু'জনের। আমি এবং হান্নান ভাইয়ের (হান্নান সরকার)। সেই অর্থে দলটার অভিজ্ঞতা কম। তবে এই দলে একাডেমীর বেশ কিছু ক্রিকেটার আছে। তাদের বয়সও কম। তাছাড়া গত কিছুদিন ওরা নিয়মিত খেলার মধ্যে ছিল। যে কারণে মনে হয় ওয়ানডেতে আমাদের দলটা খুব ভালো করবে।" চট্টগ্রামের অধিনায়ক এহসানুল হক সিজানের অবশ্য ভরসার অভাব নেই। গত জাতীয় লিগের সর্বোচ্চ উইকেটধারী বোলার সাব্বির খান (৫৭ উইকেট) আছেন। আছেন জাতীয় দলের তিন ক্রিকেটার আফতাব আহমেদ, তামিম ইকবাল ও নাজিমউদ্দিন। সবমিলিয়ে নিজের দলটাকে বেশ 'ব্যালান্সড'ই মনে হচ্ছে তার। আর 'তারুণ্যনির্ভর' দল নিয়ে সিলেট বিভাগীয় দলের অধিনায়ক রাজিন সালেহ আশা করছেন, চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সামিল হতে পারবে তার দলও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.