ঢাকা,৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৩১অক্টোবর পর্যন্ত সময়সীামা বেঁধে দেওয়া হয়েছে তাদের। এর মধ্যেই জাতীয় দলের হেড কোচ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে হবে সংশ্লিষ্ট কমিটিকে। এদিকে আবার একটি সপ্তাহ পারও হয়ে গেছে। কোচ নিয়োগের ক্ষেত্রে কতোটা অগ্রসর হলেন তারা? এ প্রশ্নে কমিটির পুরোধা গাজী আশরাফ লিপু যা উত্তর দিলেন তাতে নিশ্চিত করে বলার মতো কিছূ এখনো ঘটেনি। আপাতত তাদের ভাবনায় আছেন অস্ট্রেলিয়ার জন ডাইসন এবং বাংলাদেশ দলের সাবেক কোচ ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, এটা সবারই জানা। এদের বাইরেও কেউ কী তাদের ভাবনায় উঁকি মারছেন না? এবার অবশ্য মুখে কুলুপ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের, "সেরকম কেউ থেকে থাকলেও এখনই কাউকে কিছূ বলবো না। কোনো কিছূ চূড়ান্ত না করে কিছূ বলা ঠিকও না।"
তবে ডাইসন ও গ্রিনিজের নাম চাউর হয়ে যাওয়ায় তাদের বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানাতে আপত্তি নেই লিপুর। আগেই জানা গিয়েছিল বাংলাদেশের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ আছে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের পর কিছুদিন শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা ডাইসনের। উদ্যোগী হয়ে বিসিবিতে তার বায়োডাটাও পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে। জন হার্মারের মতো তিনিও হয়তো 'প্রেজেন্টেশন' দিতে চলে আসবেন বাংলাদেশে। কিন্তু কবে? তা জানতে অপেক্ষাই করতে হচ্ছে লিপুকে, "অস্ট্রেলিয়ায় ডাইসন কোথায় কাজ করছেন তা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে এটা জানি ফিজিক্যাল এডুকেশন নিয়ে কাজ করছে। এখন তিনি কানাডায় ছুটি কাটাচ্ছেন। ছুটি শেষ করে ফিরলেই হয়তো জানতে পারবো কবে প্রেজেন্টেশন দিতে আসতে পারবেন।"
ডাইসনের সঙ্গে আলোচনা বেশ খানিকটা এগুলেও গ্রিনিজের সঙ্গে এখনো তা একেবারেই প্রাথমিক পর্যায়ে, "আমি ব্যবসায়িক কাজে দেশের বাইরে যাওয়ার আগে যোগাযোগ করেছিলাম গ্রিনিজের সঙ্গে। আমরা তাকে কীভাবে কাজে লাগাতে চাইছি, তা মেইল করে জানাতে বলেছিলেন। শিগগিরই আমি তাকে আমাদের পরিকল্পনার বিস্তারিত মেইল করে জানিয়ে দিব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.
bdnews24