২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও শাস্তি থেকে বেঁচে গেলেন শোয়েব

ঘোর দুঃসময়ে দারুণ দুটো খবর পেলেন শোয়েব আখতার। ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। দ্বিতীয় খবরটা তার জন্য আরো বেশি মধুর হওয়ার কথা। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে আসিফকে ব্যাট দিয়ে পেটানোর জন্য কোনো শাস্তি দেয়া হবে না শোয়েবকে। পরের সুসংবাদ শুনে নিশ্চয়ই বুক থেকে পাথর নেমে যাওয়ার অনুভূতি হয়েছে 'পিন্ডি এক্সপ্রেস'-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

লাহোর, ৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘোর দুঃসময়ে দারুণ দুটো খবর পেলেন শোয়েব আখতার। ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। দ্বিতীয় খবরটা তার জন্য আরো বেশি মধুর হওয়ার কথা। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে আসিফকে ব্যাট দিয়ে পেটানোর জন্য কোনো শাস্তি দেয়া হবে না শোয়েবকে। পরের সুসংবাদ শুনে নিশ্চয়ই বুক থেকে পাথর নেমে যাওয়ার অনুভূতি হয়েছে 'পিন্ডি এক্সপ্রেস'-এর। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার দুদিন আগে তর্কাতর্কির এক পর্যায়ে আসিফের পায়ে ব্যাট দিয়ে আঘাত করেছিলেন শোয়েব। সঙ্গে সঙ্গে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়, ঘটনাটার তদন্ত করার জন্য গঠিত হয় কমিটি। তার ক্যারিয়ার শেষ এমন গুঞ্জনও শুরু হয়ে যায়। কিন্তু পিসিবির প্রধান নির্বাহী শাফকাত নাগমি শনিবার জানিয়েছেন আসিফের সঙ্গে ঝামেলার জন্য কোনো শাস্তি দেয়া হচ্ছে না শোয়েবকে। একটিও ম্যাচ না খেলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসাটাই তার জন্য এক বড় শাস্তি! তবে বোর্ডের অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করা এবং ইংল্যান্ডে প্রদর্শনী ম্যাচ খেলার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। সে যাই হোক, ঐ ন্যক্কারজনক ঘটনার পরও শাস্তি পাওয়া থেকে বেঁচে গিয়ে তিনি নিশ্চয়ই খুশি। তার সঙ্গে 'বিদ্রোহী' আইসিএল-এর জবাব দেয়ার জন্য আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএল-এর কাছ থেকে পাওয়া প্রস্তাব তার আনন্দ বাড়িয়ে দিয়েছে বহু গুণ, "ভারতীয় ক্রিকেট লিগের (আইপিএল) কাছ থেকে আমি প্রস্তাব পেয়েছি। চুক্তিতে সই করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতি চেয়ে আবেদনও করেছি।" আসিফকে পেটানোর জন্য কোনো শাস্তি দেয়া হচ্ছে না শোয়েবকে, যার অর্থ দল পরবর্তী দল নির্বাচনে বিবেচিত হবে তার নাম। আর তাই আগামী মাসে ভারত সফরের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী, "আমি সব সময়ই ভারতের দর্শকদের পছন্দ করি, ভারতে খেলতে ভালবাসি। আশা করি আগামী মাসে সফরের সময় আমি পাকিস্তান দলে থাকবো। আর লিগেও (আইপিএল) খেলতে পারবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.